চাঁদপুরের মতলব দক্ষিণে ২ হাজার ৫শ’ পিস ইয়াবাসহ খুকী বেগম ওরফে পারভীন (৬০) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পানির ট্যাংকি এলাকায় চেকপোস্ট চলাকালে যাত্রীবাহী একটি হাইস গাড়ি থেকে তাকে আটক করা হয়। এসময় তল্লাশি করে তার কাছ থেকে ২ হাজার ৫শ’ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটককৃত খুকী বেগম ওরফে পারভীন টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলার চাপাইদ (টিয়া বাড়ি) এলাকার মৃত মাজেদ শরীফের মেয়ে। তার বিরুদ্ধে মতলব দক্ষিণ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-২৫। পরে আটককৃত পারভীন বেগমকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
উল্লেখ্য; গত বছরের ১৪ ফেব্রুয়ারী কুমিল্লা সদর দক্ষিণ থানা এলাকায় ৭শ’ পিস ইয়াবাসহ গ্রেফতার হয়েছিল এই খুকী বেগম ওরফে পারভীন।
এদিকে মতলব দক্ষিণ থানার এসআই সুজিত চন্দ্র দে সঙ্গীয় ফোর্সসহ মাদক বিরোধী অভিযান চালিয়ে এবং এলাকার স্থানীয় লোকজনের সহযোগিতায় গত বুধবার (২৯ জুলাই) রাত ১১টার দিকে মতলব পৌরসভা ৬নং ওয়ার্ডের নবকলস এলাকার ফকির বাড়ীর প্রবেশ মুখে রাস্তার উপর থেকে মো. তাজুল ইসলাম (৩৫) কে ২পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়।
আটক তাজুল ইসলাম ঢাকিরগাঁও বেপারী বাড়ির মো. গিয়াস উদ্দিনের ছেলে। পরে গ্রেফতারকৃত তাজুল ইসলামের বিরুদ্ধে মতলব দক্ষিণ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমান মানিক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এই নারী মাদক কারবারিকে পানির ট্যাংকি এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। পরবর্তীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পর তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।
চাঁদপুরের সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) জাবীর হুসনাইন সানীব বলেন, কিশোর গ্যাং, মাদক ও যেকোনো অপরাধের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরন করা হয়েছে।

মোজাম্মেল প্রধান হাসিব