চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি অ্যাডভোকেট মো. রুহুল আমিন (৯৩) আর নেই।
আদালতে একটি মামলার শুনানিতে অংশ নেওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাঁকে হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে চাঁদপুর আদালতে মামলা পরিচালনার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন প্রবীণ এই আইনজীবী। এ সময় সহকর্মীরা দ্রুত তাঁকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর। দীর্ঘ প্রায় ৫৪ বছর ধরে তিনি চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সদস্য হিসেবে নিষ্ঠা, সততা ও সুনামের সঙ্গে আইন পেশায় দায়িত্ব পালন করেন। অভিজ্ঞ ও সৎ আইনজীবী হিসেবে তিনি সহকর্মীদের কাছে ছিলেন অত্যন্ত শ্রদ্ধেয়।
অ্যাডভোকেট রুহুল আমিন চাঁদপুরের মতলব উত্তর উপজেলার জহিরাবাদ ইউনিয়নের নাওভাঙ্গা গ্রামের কৃতী সন্তান। কর্মজীবনের অধিকাংশ সময় তিনি চাঁদপুর শহরের চেয়ারম্যানঘাট এলাকায় বসবাস করেছেন।
আইন পেশার পাশাপাশি রাজনৈতিক অঙ্গনেও তিনি ছিলেন পরিচিত ও সম্মানিত ব্যক্তিত্ব। তিনি অবিভক্ত মতলব উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং পরবর্তীতে মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সভাপতির দায়িত্বও সফলতার সঙ্গে পালন করেছেন।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, মরহুমের একমাত্র ছেলে সুমন বর্তমানে জাপানে অবস্থান করছেন। তিনি দেশে ফেরার পর জানাজা ও দাফনের সময় নির্ধারণ করা হবে। ততক্ষণ পর্যন্ত মরদেহ চাঁদপুর বেগম মসজিদের মর্গে সংরক্ষণ করা হবে। পরে জানাজা শেষে চাঁদপুর বাসস্ট্যান্ডসংলগ্ন পৌর কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হবে।
অ্যাডভোকেট মো. রুহুল আমিনের মৃত্যুতে চাঁদপুরের আইন অঙ্গন, রাজনৈতিক মহল এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী, শুভানুধ্যায়ী ও গুণগ্রাহীরা তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

নিজস্ব প্রতিনিধি