মেয়র নির্বাচিত হলে সকলের মানবিক মর্যাদা রক্ষা ও হয়রানিমুক্ত নাগরিক সেবাকে অগ্রাধিকার দেয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন বিশিষ্ট সাংবাদিক ও সংগঠক মোহাম্মদ জাকির হোসেন মজুমদার।
হাজীগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী হিসেবে শনিবার মকিমাবাদ ৫নং ওয়ার্ডে গণসংযোগকালে তিনি এমন অঙ্গীকার করেন।
জাকির মজুমদার বলেন, আমি নির্বাচিত হলে কোনো নির্দিষ্ট গোষ্ঠী বা দল নয়, সকল মানুষের মানবিক মর্যাদা রক্ষা করা হবে। সকল ধর্ম ও মতের মানুষের নিরাপত্তা, হয়রানিমুক্ত নাগরিক সেবাকে অগ্রাধিকার দেয়া হবে।
তিনি বলেন, আমার দরজা সবার জন্য সমানভাবে খোলা থাকবে। আমার কাছে মানুষের পরিচয় হবে না তিনি কোন দল করেন, কোন ধর্ম পালন করেন বা কোন মতাদর্শে বিশ্বাস করেন। আমার কাছে সবচেয়ে বড় পরিচয় আমরা সকলে হাজীগঞ্জ পৌরসভার সম্মানিত নাগরিক।
এই মেয়র প্রার্থী বলেন, আপনাদের সমর্থনে মেয়র নির্বাচিত হওয়ার সুযোগ পেলে দায়িত্বকে আমি ক্ষমতার আসন হিসেবে নয়, বরং আল্লাহর দেওয়া আমানত এবং জনগণের অর্পিত দায়িত্ব হিসেবে গ্রহণ করব। সেই দায়িত্ব পালনে মানবিকতা, ন্যায়বিচার, সততা ও জবাবদিহিতাকে সর্বোচ্চ গুরুত্ব দেবো।
জাকির মজুমদার আরও বলেন, নাগরিকের স্বার্থ এবং অধিকার কোনো অনুগ্রহ নয়; কোনো দলীয় পরিচয়, ব্যক্তিগত সম্পর্ক বা ধর্মের ভিত্তিতে নয়, বরং ন্যায্যতার ভিত্তিতে সেবা নিশ্চিত করা হবে, সকল এলাকার সুসম উন্নয়ন করা হবে।
একটি আধুনিক, নিরাপদ ও সবার জন্য সমান সুযোগের স্মার্ট হাজীগঞ্জ গড়ে তুলতে এই মেয়র প্রার্থী পৌরবাসীর সমর্থন কামনা করেছেন।
গণসংযোগকালে তার সঙ্গে ওয়ার্ডের গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন পেশাজীবী এবং নাগরিক ও তরুণসমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

নিজস্ব প্রতিনিধি