প্রকাশের সময়: সোমবার, ১০ আগস্ট, ২০২৬ । ১২:৪৭ এম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩

সৌদিতে অগ্নিকাণ্ড: নওগাঁর আত্রাইয়ের ৮ প্রবাসীর মৃত্যু, এলাকাজুড়ে শোক

অনলাইন ডেস্ক

সৌদি আরবে একটি সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ২০ জনেরও বেশি বাংলাদেশি প্রবাসীর মৃত্যুর খবর পাওয়া গেছে। বাংলাদেশ সময় রোববার (৯ আগস্ট) বিকেল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় নওগাঁর আত্রাই উপজেলার অন্তত ৮ জন প্রবাসী নিহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

নিহতদের মধ্যে উপজেলার গণ্ডগোহালি গ্রামের গুফফার প্রামাণিকের দুই ছেলে মোহন প্রামাণিক ও সুমন প্রামাণিক, জাননারের ছেলে রুবেল, ফজল প্রামাণিকের ছেলে কলি প্রামাণিক, ডুবাই গ্রামের মৃত বাদলের ছেলে সুমন, চঞ্চলের ছেলে হাসিবুল হাসান শুভ, পারকাসুন্দা গ্রামের মো. জলিল (জালাল কানা) এবং উদনপৈ গ্রামের ময়েন শেখের ছেলে মো. ফরিদ শেখ রয়েছেন।

নিহতদের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর তাদের নিজ নিজ গ্রাম ও পরিবারের মাঝে নেমে এসেছে শোকের ছায়া। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ।

আত্রাই উপজেলায় এ ঘটনায় আরও কেউ হতাহত হয়েছেন কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। নিহতদের প্রকৃত সংখ্যা ও পূর্ণাঙ্গ পরিচয় নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রশাসন ও প্রবাসী কল্যাণ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে যাচাই-বাছাই চলছে।

আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান জানান, নিহতদের মধ্যে উপজেলার গণ্ডগোহালি গ্রামের চারজন, বিষা গ্রামের দুইজন এবং পারকাসুন্দা গ্রামের একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

তিনি বলেন, “নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পূর্ণাঙ্গ তথ্য পাওয়ার পর নিহতদের পরিচয় ও সংখ্যা নিশ্চিত হওয়া যাবে।”

এদিকে সৌদি আরবে কর্মরত নওগাঁর প্রবাসীদের স্বজনদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন