কুমিল্লা শিক্ষা বোর্ডের অনুমোদনের প্রথম বছরেই এসএসসি পরীক্ষায় শতভাগ পাসের সাফল্য অর্জন করেছে চাঁদপুরের শাহরাস্তি উপজেলার পৌর সদরের কালিয়াপাড়া বাজারে অবস্থিত জোবেদা মতিন গার্লস স্কুল অ্যান্ড কলেজ। এসএসসি পরীক্ষা-২০২৬-এর ফলাফলে প্রতিষ্ঠানটির ৯ জন পরীক্ষার্থীর সবাই উত্তীর্ণ হয়েছে। পাসের হার ১০০ শতাংশ। এ সাফল্যে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও প্রতিষ্ঠানের সংশ্লিষ্টদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস বিরাজ করছে।
কুমিল্লা শিক্ষা বোর্ডের ফলাফল সিট অনুযায়ী, এবার প্রতিষ্ঠানটি থেকে মোট ৯ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে বিজ্ঞান বিভাগের ৭ জন এবং মানবিক বিভাগের ২ জন। বিজ্ঞান বিভাগের ৭ জনই উত্তীর্ণ হয়েছে। এ বিভাগের সর্বোচ্চ ফলাফল জিপিএ-৫.০০। অন্য শিক্ষার্থীদের জিপিএ যথাক্রমে ৪.৫৬, ৪.১৭, ৩.৭২, ৩.৯৪, ৪.১৭ ও ৪.১১।
মানবিক বিভাগের দুই পরীক্ষার্থীরও সবাই উত্তীর্ণ হয়েছে। এ বিভাগে সর্বোচ্চ জিপিএ ৪.৩৩ এবং অপর শিক্ষার্থীর জিপিএ ৪.১৭।প্রতিষ্ঠান কর্তৃপক্ষের দাবি, কুমিল্লা শিক্ষা বোর্ডের অনুমোদনের প্রথম বছরেই শতভাগ পাসের এ সাফল্য শাহরাস্তির শিক্ষা অঙ্গনে একটি উল্লেখযোগ্য অর্জন। শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টায় এ ফলাফল অর্জিত হয়েছে বলে জানান তারা।
জোবেদা মতিন গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোঃ বোরহান আলী বলেন, প্রথম বছরেই শতভাগ পাসের ফলাফল অর্জন করতে পেরে তারা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। শিক্ষকদের আন্তরিক পাঠদান, শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন এবং অভিভাবকদের সহযোগিতার সমন্বিত ফল এ সাফল্য। আগামীতে আরও ভালো ফলাফল অর্জনের লক্ষ্যে শিক্ষার মানোন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।
ফল প্রকাশের পর উচ্ছ্বাস প্রকাশ করে শিক্ষার্থীরা জানায়, ভালো ফলাফল তাদের ভবিষ্যৎ পড়াশোনায় আরও উৎসাহিত করবে। শিক্ষক ও অভিভাবকদের সহযোগিতায় তারা এ সাফল্য অর্জন করতে পেরেছে। ভবিষ্যতে আরও ভালো ফলাফল করে প্রতিষ্ঠান ও পরিবারের মুখ উজ্জ্বল করার প্রত্যয় ব্যক্ত করে তারা।
প্রতিষ্ঠানটির উদ্যোক্তা ও সংশ্লিষ্টরা এ সাফল্যে সন্তোষ প্রকাশ করেছেন। জোবেদা মতিন গার্লস স্কুল অ্যান্ড কলেজ ও জোবেদা মতিন ট্রাস্টের চেয়ারম্যান মিজান রহমান, কো-চেয়ারম্যান মুস্তাকুর রহমান এবং জোবেদা মতিন ট্রাস্টের ফাউন্ডার মেজবাহ কবির শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানিয়েছেন।
তারা বলেন, প্রতিষ্ঠার অন্যতম লক্ষ্য হলো মানসম্মত শিক্ষা নিশ্চিত করা এবং শিক্ষার্থীদের যোগ্য ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলা। অনুমোদনের প্রথম বছরেই শতভাগ পাসের এ ফলাফল প্রতিষ্ঠানটির শিক্ষাকার্যক্রমে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনের পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধসম্পন্ন করে গড়ে তুলতে কাজ করা হবে।
প্রতিষ্ঠানটির সংশ্লিষ্টরা জানান, নতুন প্রতিষ্ঠান হিসেবে প্রথমবার কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েই শতভাগ পাসের এ সাফল্য শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য বড় অর্জন। এ সাফল্যকে তারা আগামী দিনের আরও ভালো ফলাফলের ভিত্তি হিসেবে দেখছেন।

মোঃ মাসুদ রানা