প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬ । ১০:০৯ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

“সঙ্গদোষ ও কৌতূহল থেকে শিক্ষার্থীদের মাদকের পথে যাওয়া রোধ করতে সচেতনতা জরুরি” চাঁদপুর জেলা প্রশাসক

আবু সাঈদ, কচুয়া

শিক্ষার্থীদের মাদকের ভয়াবহ বিস্তার ও অপব্যবহার থেকে দূরে রাখতে এবং মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে চাঁদপুরের কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী জগতপুর উচ্চ বিদ্যালয়ে ‘মাদকের ক্ষতিকর প্রভাব ও কুফল’ শীর্ষক আলোচনা সভা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিদ্যালয়ের হলরুমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয়ের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান। তিনি বলেন, “মাদক একটি ব্যক্তি, পরিবার তথা পুরো সমাজকে ধ্বংস করে দেয়। তরুণ ও শিক্ষার্থীসমাজই আগামী দিনের ভবিষ্যৎ। কৌতূহলবশত কিংবা সঙ্গদোষে তারা যাতে মাদকের দিকে ধাবিত না হয়, সে জন্য স্কুল-কলেজ পর্যায় থেকেই ব্যাপক সচেতনতা সৃষ্টি করতে হবে।”

জেলা প্রশাসক বলেন, “কেবল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর পদক্ষেপের মাধ্যমে মাদক নির্মূল সম্ভব নয়। এ ক্ষেত্রে পরিবার, শিক্ষক ও সামাজিক অঙ্গনের সমন্বিত ভূমিকা জরুরি।”

তিনি শিক্ষার্থীদের সুশিক্ষা অর্জনের পাশাপাশি খেলাধুলা, বই পড়া এবং সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে নিজেদের নিয়োজিত রাখার পরামর্শ দেন।

আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘মাদক নির্মূলে সামাজিক সচেতনতাই আইনি পদক্ষেপের চেয়ে অধিক কার্যকর’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে বিদ্যালয়ের দুটি দল পক্ষে ও বিপক্ষে যুক্তি-তর্ক ও তথ্যভিত্তিক বক্তব্য উপস্থাপন করে। বিচারকেরা শিক্ষার্থীদের যুক্তি, সচেতনতা ও বাচনভঙ্গির প্রশংসা করেন।

প্রতিযোগিতা শেষে বিজয়ী ও বিজিত দলের শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।

বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ও সাবেক আশরাফপুর ইউপি চেয়ারম্যান মাসুদ এলাহি সুভাষের সভাপতিত্বে এবং এডহক কমিটির সদস্য জামাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন কচুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু নাছির, চাঁদপুর জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ রুহুল্লাহ, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মিজানুর রহমান, পরিদর্শক আবু রেজা মেহেদী হাসান এবং কচুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাশেদুল হক।

এ ছাড়া অনুষ্ঠানে আশরাফপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হোসেন ইমাম মুন্সী, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ছাদেক আলী, আশরাফপুর ইউনিয়ন জামায়াতের আমির আব্দুল মতিন, জগতপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আমিনু ইসলাম, আশরাফপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মাসুম মিজি, অভিভাবক সদস্য মনির হোসেন, বিদ্যালয়ের সাবেক সদস্য আতিকুল হক বাচ্চু, আলমগীর সরদার, ফারুক আহমেদসহ স্থানীয় শিক্ষক, অভিভাবক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির শপথ নেন। একই সঙ্গে মাদকমুক্ত ক্যাম্পাস গড়ে তোলার অঙ্গীকার করেন তারা।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন