কচুয়া থানা পুলিশের উদ্যোগে ১৭ আগস্ট সোমবার মাদকবিরোধী র্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। এতে কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল ইসলাম মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, কচুয়ায় হয় মাদক কারবারি থাকবে, না হয় পুলিশ থাকবে—মাদকের সাথে কোনো আপস নেই।
কচুয়া থানা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে পুলিশ সদস্য, স্থানীয় সামাজিক সংগঠনের ব্যক্তিবর্গ ও সাধারণ জনগণ অংশগ্রহণ করেন।
র্যালি শেষে আয়োজিত পথসভায় বক্তারা মাদকের কুফল তুলে ধরে বক্তব্য রাখেন।
ওসি আজিজুল ইসলাম স্পষ্ট বার্তা দিয়ে বলেন, কচুয়াকে সম্পূর্ণ মাদক মুক্ত করতে পুলিশের অভিযান জিরো টলারেন্স নীতিতে পরিচালিত হবে। মাদকের ব্যবসায় যুক্ত ব্যক্তিদের দ্রুত এই এলাকা ছাড়ার কিংবা সমাজ থেকে দূরে থাকার নির্দেশ দেওয়া হয়, অন্যথায় তাদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে।
মাদক কারবারি ও তাদের পৃষ্ঠপোষকদের তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার জন্য এলাকার সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানানো হয়।
পথসভা ও র্যালি আয়োজনের মধ্য দিয়ে স্থানীয় সর্বস্তরের মানুষের মাঝে মাদকবিরোধী ইতিবাচক সচেতনতা ও পুলিশি তৎপরতার বার্তা তৈরি হয়েছে।

আবু সাঈদ, কচুয়া