প্রকাশের সময়: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬ । ১২:১৩ এম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে ইয়াবাসহ আটক ২, গাঁজা সেবনে কারাদণ্ড ২ জনের

নিজস্ব প্রতিনিধি
শাহরাস্তিতে পৃথক মাদকবিরোধী অভিযানে ১২ পিস ইয়াবাসহ দুইজনকে আটক করেছে পুলিশ। একই দিন গাঁজা সেবনের সময় আরও দুজনকে আটক করা হলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া জিআর পরোয়ানাভুক্ত আরও দুইজনকে আটক করেছে শাহরাস্তি থানা পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১৮ আগস্ট) মাদকবিরোধী বিশেষ অভিযানে সূচীপাড়া উত্তর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের শোরসাক উত্তর পাড়ায় অভিযান চালায় পুলিশ। এ সময় ঠাকুর বাজার থেকে রাগৈগামী পাকা সড়কের পাশে ছিদ্দিকুর রহমানের ভাঙারি দোকানের পূর্ব পাশে অভিযান চালিয়ে রাগৈ ইউনিয়নের নোয়া বাড়ী, পাড়া নগর এলাকার ইদ্রিস মৌলভীর ছেলে মোঃ বিপ্লব (৪৪)-কে ১০ পিস ইয়াবাসহ আটক করা হয়।
অপরদিকে, শাহরাস্তি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের নিজ মেহের এলাকায় শাহরাস্তি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের দক্ষিণ পাশে তিন রাস্তার মোড়ে অভিযান চালিয়ে মৃত নুরুল হকের ছেলে মোঃ শফিকুর রহমান (৫০)-কে ২ পিস ইয়াবাসহ আটক করা হয়। এদিন চিতোষী পূর্ব ইউনিয়নের ঘড়িমন্ডল মধ্য বাড়ী এলাকার মৃত কালু মিয়ার ছেলে মোঃ মনির হোসেন (৩৫) এবং রাজারামপুর পাটোয়ারী বাড়ী এলাকার মৃত হাজী সিরাজুল হকের ছেলে মোঃ শাখাওয়াত হোসেন (৪৫)-কে WYK আবু ইউছুফের ব্রিক ফিল্ডের সামনে সড়কে গাঁজা সেবনের সময় আটক করা হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার মনিরা খাতুন ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
আদালত দুজনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। এদিকে, ১৭ আগস্ট নায়নগর হাজী বাড়ী এলাকার মোকছেদ আলীর ছেলে মোঃ রাকিব হোসেন (২২)-কে জিআর নং-১৬১/২৩-এর পরোয়ানায় আটক করা হয়। ১৮ আগস্ট নিজ মেহের এলাকার মৃত কোরবান আলীর ছেলে মাসুদুর রহমান ওরফে মাসুদ আলম (৪১)-কে জিআর নং-১২/২৬ (শাহরাস্তি)-এর পরোয়ানায় আটক করে পুলিশ।
শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ মীর মাহবুবুর রহমান বলেন, মাদক, মাদকসেবন ও পরোয়ানাভুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং মাদকের বিস্তার রোধে পুলিশের পাশাপাশি স্থানীয়দেরও সহযোগিতা প্রয়োজন। তিনি মাদক ও অপরাধের বিরুদ্ধে পুলিশের কঠোর অবস্থানের কথা জানান।
পুলিশ জানায়, ইয়াবাসহ আটক মোঃ বিপ্লবের বিরুদ্ধে শাহরাস্তি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা করা হয়েছে। মামলাটি এফআইআর নং-২৩, জিআর নং-২৬৬, তারিখ ১৮ আগস্ট ২০২৬। একই আইনের একই ধারায় মোঃ শফিকুর রহমানের বিরুদ্ধে এফআইআর নং-২৪, জিআর নং-২৬৭ মামলা করা হয়েছে।
আটক ব্যক্তিদের মধ্যে সংশ্লিষ্টদের যথাযথ পুলিশ প্রহরায় আদালতে সোপর্দ করা হয়েছে এবং পরোয়ানাভুক্ত দুজনকে আদালতে সোপর্দের প্রক্রিয়া চলছে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন