চাঁদপুরের ফরিদগঞ্জে পুলিশ ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে পাঁচ মাদকসেবীকে আটক করা হয়েছে। পরে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে তাঁদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়।
মঙ্গলবার (১৮ আগস্ট) সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত উপজেলার খাজুরিয়া বাজার, ভাটিয়ালপুর, পূর্ব গুলিসা ও পূর্ব গোবিন্দপুর এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ফরিদগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ. আর. এম. জাহিদ হাসান।
দণ্ডপ্রাপ্তরা হলেন- খাজুরিয়া বাজার এলাকা থেকে আটক মো. হোসেন (২২), সাজা ৯০ দিন, ভাটিয়ালপুর এলাকা থেকে আটক এমরান শেখ (৪৪), সাজা ২০ দিন ও মো. সফিক (৪০) কে সাজা ৩০ দিন, পূর্ব গুলিসা থেকে আটক মো. মিরাজ শেখ (২৩) কে ৬০ দিনের সাজা এবং পূর্ব গোবিন্দপুর থেকে আটক শরিফ খান (২৭) কে ৪০ দিন সাজা প্রদান করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এরশাদ উল্লাহর নির্দেশনায় এসআই মো. রাকিবুল হাসান, এসআই আতাউর রাব্বী ও এসআই মোহাম্মদ হুমায়ুন কবির সঙ্গীয় ফোর্স নিয়ে বিভিন্ন এলাকায় মাদকবিরোধী বিশেষ মহড়া ও অভিযান চালান। এ সময় উল্লিখিত পাঁচজনকে হাতেনাতে আটকের পর ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাঁদের এই সাজা দেন।
এ বিষয়ে ফরিদগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ. আর. এম. জাহিদ হাসান জানান, মাদকের ভয়াল বিস্তার রোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। ফরিদগঞ্জ উপজেলাকে মাদকমুক্ত করতে প্রশাসনের ‘জিরো টলারেন্স’ নীতি ও এই কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এস. এম ইকবাল