হাজীগঞ্জ উপজেলার ১ নং রাজারগাঁও ইউনিয়নে উপজেলা প্রশাসনের আয়োজনে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ১৯ আগস্ট বিকেলে রাজারগাঁও উচ্চ বিদ্যালয় মাঠ থেকে একটি বর্ণাঢ্য মাদকবিরোধী র্যালি বের করা হয়। র্যালিটি এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রাজারগাঁও ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা মাঠে গিয়ে শেষ হয়। র্যালিতে রাজারগাঁও ফাজিল মাদ্রাসা ও রাজারগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক এবং ছাত্র-ছাত্রীরা অংশ নেন।
পরে রাজারগাঁও ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা মাঠে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) মুকুর চাকমার সভাপতিত্বে এবং থানার এসআই মো. জহিরের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল মান্নান মিয়া।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন রাজারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মফিজুর রহমান, রাজারগাঁও ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. আনিছুর রহমান, রাজারগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহপরান, বিশিষ্ট গণ্যমান্য ব্যক্তিবর্গ মো. কামরুজ্জামান নেছার ও মো. রফিকুল ইসলাম রনি। এছাড়া শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য দেন রাজারগাঁও ফাজিল মাদ্রাসার ছাত্র মো. আমির হামজা এবং রাজারগাঁও উচ্চ বিদ্যালয়ের ছাত্রী মৌমিতা রায়।
উপস্থিত বক্তারা তাদের বক্তব্যে মাদককে সমাজ থেকে চিরতরে নির্মূল করতে তরুণ সমাজকে খেলাধুলা ও পড়াশোনায় মনোযোগী হওয়ার আহ্বান জানান এবং মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

নিজস্ব প্রতিনিধি