শাহরাস্তিতে মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি ও মাদক নির্মূলে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে এক মাদকবিরোধী র্যালি ও সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।শাহরাস্তি মডেল থানার পুলিশের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে স্কুল-মাদ্রাসার শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় ৭০০ থেকে ৮০০ মানুষ অংশ নেন।
সোমবার (২৪ আগস্ট) বিকেলে উপজেলার মেহের উত্তর ইউপির কাকৈরতলা গোলাম কিবরিয়া দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে শাহরাস্তি মডেল থানা পুলিশের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে কাকৈরতলা গোলাম কিবরিয়া দাখিল মাদ্রাসা ও বানিয়াচৌঁ জে.বি. উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়।
চাঁদপুরের পুলিশ সুপার মো. মিজানুর রহমানের দিকনির্দেশনায় এবং কচুয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আব্দুল হাই চৌধুরীর তত্ত্বাবধানে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে ওসি মীর মাহবুবুর রহমান বলেন, “মাদক একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রকে ধ্বংস করে দিতে পারে। মাদক নির্মূল পুলিশের একার পক্ষে সম্ভব নয়। এ জন্য পরিবার ও সমাজকে সঙ্গে নিয়ে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। মাদকের সঙ্গে কোনো আপস করা হবে না। তিনি বলেন, “সন্তানদের প্রতি অভিভাবকদের আরও দায়িত্বশীল হতে হবে। মাদক সম্পর্কে কোনো তথ্য পেলে পুলিশকে জানানোর পাশাপাশি জনপ্রতিনিধি, শিক্ষক, ইমাম, রাজনৈতিক নেতৃবৃন্দসহ সমাজের সর্বস্তরের মানুষকে মাদকবিরোধী অবস্থান নিতে হবে।
ওসি আরও বলেন, শাহরাস্তি মডেল থানা পুলিশ মাদকবিরোধী অভিযান অব্যাহত রেখেছে। মাদক ব্যবসা, সরবরাহ ও পাচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশ সূত্রে জানা যায়, বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত কর্মসূচিতে ওসি মীর মাহবুবুর রহমানের নেতৃত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলামসহ পুলিশের সদস্যরা অংশ নেন। এছাড়া জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিরা এতে উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা মাদকের ক্ষতিকর প্রভাব তুলে ধরে তরুণ প্রজন্মকে মাদকের ছোবল থেকে রক্ষায় পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। পরে শিক্ষার্থী ও স্থানীয়দের অংশগ্রহণে একটি মাদকবিরোধী র্যালি বের করা হয়। র্যালিটি এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

মোঃ মাসুদ রানা