প্রকাশের সময়: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬ । ১২:২২ এম প্রিন্ট এর তারিখঃ শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

শাহরাস্তিতে স্বাস্থ্যসেবায় গতি আনতে ইউএনও-স্বাস্থ্য কর্মকর্তার বৈঠক

মো. মাসুদ রানা
শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাসেবার মানোন্নয়ন, বিদ্যমান সমস্যা নিরসন এবং স্বাস্থ্যসেবাকে আরও জনবান্ধব করতে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিরা খাতুনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও অবহিতকরণ করেছেন নবনিযুক্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (UH&FPO) ডা. মোঃ আবু নাছের শাকিল।
 গত শুক্রবার (২৮ আগস্ট) উপজেলা নির্বাহী অফিসারের সঙ্গে সাক্ষাৎকালে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সার্বিক পরিস্থিতি, বিদ্যমান সমস্যা ও চ্যালেঞ্জ, চিকিৎসাসেবার মানোন্নয়ন, প্রয়োজনীয় জনবল ও অবকাঠামো, ওষুধ ও চিকিৎসা সরঞ্জামের সরবরাহ এবং রোগীবান্ধব পরিবেশ নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে সরকারের স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া এবং উপজেলা পর্যায়ে মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে হাসপাতালকে আধুনিক, পরিচ্ছন্ন ও জনবান্ধব সেবাকেন্দ্র হিসেবে গড়ে তুলতে প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের মধ্যে কার্যকর সমন্বয় এবং টিমওয়ার্কের প্রয়োজনীয়তার কথা উঠে আসে। সাক্ষাতে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীত করার বিষয়ে ইতোমধ্যে জারি হওয়া সরকারি প্রজ্ঞাপন নিয়েও আলোচনা হয়।
এ উদ্যোগকে শাহরাস্তির স্বাস্থ্যসেবার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে উল্লেখ করে হাসপাতালের বর্ধিত সক্ষমতার সঙ্গে সামঞ্জস্য রেখে জনবল, অবকাঠামো, চিকিৎসা সরঞ্জাম ও অন্যান্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়। ওই সময় স্থানীয় সংসদ সদস্য লায়ন ইঞ্জিনিয়ার মমিনুল হকের স্বাস্থ্যখাতের উন্নয়নে বিশেষ গুরুত্ব ও সহযোগিতার বিষয়টিও আলোচনায় আসে। স্বাস্থ্য কমপ্লেক্সের উন্নয়ন ও সেবার পরিধি বাড়ানোর ক্ষেত্রে জনপ্রতিনিধি, উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তার কথা বলা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মনিরা খাতুন বলেন, শাহরাস্তির মানুষের জন্য মানসম্মত ও সহজলভ্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের মধ্যে সমন্বয় আরও জোরদার করা হবে। স্বাস্থ্য কমপ্লেক্সের বিদ্যমান সমস্যা চিহ্নিত করে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সমাধানের উদ্যোগ নেওয়া হবে। ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীতের প্রজ্ঞাপন শাহরাস্তির মানুষের জন্য নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। এখন এর সুফল জনগণের কাছে পৌঁছে দিতে প্রয়োজনীয় অবকাঠামো, জনবল ও সেবার মান নিশ্চিত করবে সরকার।
তিনি আরও বলেন, হাসপাতালে চিকিৎসা নিতে এসে কোনো রোগী যেন অযথা হয়রানি বা ভোগান্তির শিকার না হন, সেটি নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব। পরিচ্ছন্ন পরিবেশ, মানবিক আচরণ, সময়মতো চিকিৎসা এবং প্রয়োজনীয় ওষুধ ও সরঞ্জামের প্রাপ্যতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীলভাবে কাজ করতে হবে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ আবু নাছের শাকিল বলেন, শাহরাস্তির মানুষের জন্য মানসম্মত, সহজলভ্য ও রোগীবান্ধব স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই আমার প্রধান লক্ষ্য।
উপজেলা নির্বাহী অফিসারের আন্তরিক সহযোগিতা, স্থানীয় সংসদ সদস্যের স্বাস্থ্যখাতের প্রতি গুরুত্ব এবং সরকারের সার্বিক সহযোগিতাকে কাজে লাগিয়ে হাসপাতালের বিদ্যমান সমস্যা চিহ্নিত করে ধাপে ধাপে সমাধানের উদ্যোগ নেওয়া হবে।তিনি বলেন, “৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীতের প্রজ্ঞাপন শাহরাস্তির স্বাস্থ্যসেবার জন্য একটি বড় সুযোগ। এই উন্নয়নের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রয়োজনীয় জনবল, অবকাঠামো, চিকিৎসা সরঞ্জাম ও অন্যান্য সুবিধা নিশ্চিত করা গেলে জনগণ আরও উন্নত চিকিৎসাসেবা পাবেন। তবে শুধু অবকাঠামো বাড়ালেই হবে না, রোগীর সঙ্গে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের মানবিক আচরণ, সময়মতো চিকিৎসা এবং সুষ্ঠু ব্যবস্থাপনাও নিশ্চিত করতে হবে। ডা. মোঃ আবু নাছের শাকিল আরও বলেন, “হাসপাতালকে আধুনিক, পরিচ্ছন্ন ও জনবান্ধব প্রতিষ্ঠানে পরিণত করতে চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারী, উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট সব দপ্তরের সমন্বিত সহযোগিতা প্রয়োজন। এ কাজে আমি সবার সহযোগিতা ও পরামর্শ কামনা করছি।
ডা. মোঃ আবু নাছের শাকিল MBBS (SOMC), BCS (Health) ও CCD (BIRDEM)। এর আগে তিনি ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি (NIKDU)-এর নেফ্রোলজি আইসিইউতে মেডিকেল অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের সরকারি ফ্যাসিলিটি রেজিস্ট্রিতেও বর্তমানে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান হিসেবে ডা. মোঃ আবু নাছের শাকিলের নাম রয়েছে। নবনিযুক্ত স্বাস্থ্য কর্মকর্তার সঙ্গে উপজেলা নির্বাহী অফিসারের এ বৈঠককে শাহরাস্তির স্বাস্থ্যসেবার মানোন্নয়নে প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের সমন্বিত কার্যক্রমের একটি গুরুত্বপূর্ণ সূচনা হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন