শাহরাস্তিতে যথাযোগ্য মর্যাদা, ভাবগাম্ভীর্য ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মরণে ‘নজরুল বর্ষ’ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে র্যালি, সমাবেশ, আলোচনা সভা ও দেশব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতার অংশ হিসেবে বিভিন্ন আয়োজন করা হয়।
সোমবার (৩১ আগস্ট) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ কমপ্লেক্স প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে শেষ হয়। পরে সেখানে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা আইসিটি কর্মকর্তা মোঃ শাহজাহানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিরা খাতুন।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মনিরা খাতুন বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ছিলেন সাম্য, মানবতা, প্রেম ও দ্রোহের কবি। তাঁর জীবনদর্শন ও সৃষ্টিকর্ম আমাদের দেশপ্রেম, দায়িত্ববোধ, মানবিকতা এবং অসাম্প্রদায়িক চেতনায় উদ্বুদ্ধ করে। অন্যায়, অবিচার, শোষণ ও বৈষম্যের বিরুদ্ধে তাঁর সাহসী লেখনী আজও আমাদের পথ দেখায়। তিনি বলেন, নজরুলের আদর্শ শুধু বইয়ের পাতায় সীমাবদ্ধ রাখলে হবে না, তা আমাদের ব্যক্তিজীবন ও সামাজিক কর্মকাণ্ডে ধারণ করতে হবে।
প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে দেশ ও সমাজের কল্যাণে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। ধর্ম-বর্ণ নির্বিশেষে পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও ঐক্য বজায় রেখে একটি সুন্দর, সমৃদ্ধ ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসতে হবে।
ইউএনও আরও বলেন, তরুণ প্রজন্মের মধ্যে নজরুলের সাহিত্য, দর্শন ও আদর্শ ছড়িয়ে দিতে সাংস্কৃতিক চর্চার বিকল্প নেই। শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতা বিকাশের পাশাপাশি তাদের মধ্যে দেশপ্রেম, মানবিক মূল্যবোধ ও অসাম্প্রদায়িক চেতনা জাগিয়ে তুলতে উপজেলা পর্যায়ের সাংস্কৃতিক প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করতে শিক্ষক, অভিভাবক, শিক্ষা প্রতিষ্ঠানসহ সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতার আহ্বান জানান তিনি। তিনি বলেন, উপজেলা পর্যায়ের প্রতিযোগিতায় যারা ভালো করবে, তাদের পরবর্তী পর্যায়ে আরও বড় পরিসরে সুযোগ করে দেওয়া হবে। সবার সহযোগিতা, পরামর্শ ও সম্মিলিত প্রচেষ্টায় ‘নজরুল বর্ষ’ উদযাপনকে অর্থবহ করে তুলতে হবে। আলোচনা সভায় অন্যান্য বক্তারা বাংলা সাহিত্যে কাজী নজরুল ইসলামের কালজয়ী অবদান, তাঁর সাহিত্যকর্ম ও আদর্শিক জীবন নিয়ে আলোচনা করেন।
বক্তারা বলেন, নজরুলের সাহিত্য বাংলা ভাষা ও সংস্কৃতির অমূল্য সম্পদ। তাঁর সাম্য, প্রেম, মানবতা ও অসাম্প্রদায়িকতার বাণী নতুন প্রজন্মকে অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে সচেতন হতে অনুপ্রাণিত করে।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শামসুজ্জামান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিম পাটোয়ারী লিটন, পৌর বিএনপির আহ্বায়ক মো. আবুল কালাম পাটোয়ারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শেখ বেলায়েত হোসেন সেলিম,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু নাছের শাকিল, উপজেলা যুবদলের আহ্বায়ক আলী আজগর মিয়াজী,
উপজেলা মাধ্যমিক শিক্ষক সমাজকল্যাণ সমিতির সভাপতি আবদুর রহিম, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ মকবুল হোসেন, সাধারণ সম্পাদক পারভীন সুলতানা লাভলী, ইউপি চেয়ারম্যান জোবায়দুল কবির বাহাদুর, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাকসুদ আলম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ডা. সাজ্জাদুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবু ইসহাক, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মাহাবুবউল আলম, সমবায় কর্মকর্তা মোঃ মোতালেব খান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ কামরুজ্জামান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জহিরুল ইসলাম, তথ্য আপা তাসলিমা আক্তার, মহিলা বিষয়ক কর্মকর্তা আমেনা বেগম, শাহরাস্তি সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইমাম হোসেন এবং শাহরাস্তি প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ হাবিবুর রহমান ভূঁইয়া।
এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধি ও সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য,উক্ত অনুষ্ঠানে নিজমেহের সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের একদল শিক্ষার্থীদের অংশগ্রহণের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ক্ষুদে শিক্ষার্থীরা গান কবিতা আবৃতি ও নৃত্য পরিবেশন করেন।

মো. মাসুদ রানা