চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার সাফুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রান্তিক মূল্যায়ন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের মেধা বিকাশ, পড়াশোনায় আগ্রহ বৃদ্ধি এবং শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাফুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি জাকির হোসেন সৈকত। সভাপতির বক্তব্যে তিনি বলেন, শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনার পাশাপাশি নৈতিক শিক্ষা ও শৃঙ্খলার প্রতি গুরুত্ব দিতে হবে। বিদ্যালয়ের শিক্ষার মান আরও উন্নত করতে শিক্ষক, অভিভাবক ও পরিচালনা কমিটির সদস্যদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানটি পরিচালনা করেন বিদ্যালয়ের মাহবুবুর আলম পাঠান। এতে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সহ-সভাপতি কামরুল পাটোয়ারী, সদস্য ফোরকান খান, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, শিক্ষার্থীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল প্রান্তিক মূল্যায়নে কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ। প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত মেধা তালিকায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পুরস্কার পেয়ে শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
এ সময় বক্তারা বলেন, শিক্ষার্থীদের মেধার স্বীকৃতি তাদের ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনে উৎসাহিত করবে। এ ধরনের আয়োজন নিয়মিত অব্যাহত রাখলে শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব ও পড়াশোনার প্রতি আগ্রহ আরও বাড়বে।
অনুষ্ঠানের শেষদিকে বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার পরিবেশ আরও সুন্দর করা এবং শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করার বিষয়ে অভিভাবক ও পরিচালনা কমিটির সদস্যদের মধ্যে আলোচনা হয়।

এস. এম ইকবাল