প্রকাশের সময়: রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬ । ৮:৩৪ পিএম প্রিন্ট এর তারিখঃ রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

শাহরাস্তি সরকারি হাসপাতালের পথ দখল করে বাজার ও নির্মাণ সামগ্রীর স্তূপ, দুর্ভোগে রোগী

নিজস্ব প্রতিনিধি
চাঁদপুরের শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের ফুটপাত ও প্রধান প্রবেশপথের সড়ক দখল করে দীর্ঘদিন ধরে বসছে ভ্রাম্যমাণ বাজার, চায়ের দোকান ও কাপড়ের দোকান। সেই সঙ্গে হাসপাতালের সামনে নির্মাণাধীন একটি ভবনের ইট-বালুসহ নির্মাণসামগ্রী ফেলে রাখা হয়েছে সড়কের ওপর। এতে হাসপাতালে আসা রোগী, তাদের স্বজন এবং সাধারণ পথচারীদের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স ও রোগী বহনকারী যানবাহন প্রবেশেও বাধাগ্রস্ত হচ্ছে বলে অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরে স্থানীয়দের মধ্যে ক্ষোভ থাকলেও প্রশাসনিক কোনো পদক্ষেপ চোখে পড়েনি।
সরেজমিনে দেখা গেছে, স্বাস্থ্য কমপ্লেক্সের মূল ফটক ও তার আশপাশের ফুটপাত জুড়ে বসেছে সবজি, মাছ, ফলমূলসহ বিভিন্ন পণ্যের ভ্রাম্যমাণ দোকান। এর পাশাপাশি ফুটপাত দখল করে গড়ে উঠেছে চায়ের দোকান, এমনকি কাপড়ের দোকানও। দোকানিরা সড়কের একাংশ পর্যন্ত দখল করে পণ্য সাজিয়ে রাখায় হাঁটার জায়গা সংকুচিত হয়ে পড়েছে। এর সঙ্গে যুক্ত হয়েছে নতুন এক দুর্ভোগ—হাসপাতালের সামনেই নির্মাণাধীন একটি ভবনের ইট, বালু ও অন্যান্য নির্মাণসামগ্রী স্তূপ করে রাখা হয়েছে সড়কের ওপর। ফলে ফুটপাত ও রাস্তা উভয়ই সরু হয়ে পড়ায় রোগী বহনকারী এম্বুলেন্স কিংবা জরুরি প্রয়োজনে ছোটাছুটি করা মানুষজনকে বাজারের ভিড় ও নির্মাণসামগ্রী ঠেলে যাতায়াত করতে হচ্ছে।
স্থানীয় বাসিন্দা ও হাসপাতালে আসা একাধিক রোগীর স্বজন জানান, বাজারের কারণে যানবাহন ঢুকতে না পেরে রোগীকে অনেক দূর থেকে হেঁটে বা কোলে করে হাসপাতালে আনতে হয়। বিশেষ করে প্রসূতি মা কিংবা অসুস্থ বয়স্ক রোগীদের ক্ষেত্রে এই ভোগান্তি আরও তীব্র আকার ধারণ করে। মূল ফটকের সামনের রাস্তাও প্রায়ই দখল হয়ে থাকায় অ্যাম্বুলেন্স নির্ধারিত সময়ে পৌঁছাতে পারে না বলেও অভিযোগ রয়েছে।
হাসপাতাল সংশ্লিষ্টরা বলছেন, বারবার মৌখিকভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসনকে বিষয়টি অবহিত করা হলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে দিনে দিনে দখলের পরিধি আরও বাড়ছে। স্থানীয়দের দাবি, প্রশাসনের নিয়মিত তদারকির অভাব এবং সংশ্লিষ্টদের উদাসীনতার কারণেই এই সমস্যা দীর্ঘস্থায়ী রূপ নিয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোঃ শাকিল বলেন, “আমরা উপজেলার মাসিক সমন্বয় সভায় বিষয়টি অবগত করেছি। তবে জনবলের অভাবে আমরা হাসপাতালের ভিতরে ঠিক মতো সেবা প্রদান করতে পারি না। এছাড়া আনসার বাহিনী হাসপাতালে দেওয়া হলেও তা অপর্যাপ্ত। আশানুরূপ কোনো ফলাফল আমরা পাচ্ছি না।” তার এই বক্তব্যে ফুটে উঠেছে সমস্যা সমাধানে জনবল ও নিরাপত্তা সংকটের বাস্তব চিত্র, যা প্রশাসনিক পর্যায়ে দ্রুত সমাধানের প্রয়োজনীয়তাকে আরও স্পষ্ট করে তোলে।
সচেতন মহলের মতে, একটি স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের এলাকা জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিতের স্বার্থে সবসময় অবাধ ও নিরাপদ রাখা প্রয়োজন। কিন্তু বাস্তবে ঘটছে তার উল্টো। এ অবস্থায় দ্রুত উচ্ছেদ অভিযান পরিচালনা করে ফুটপাত ও সড়ক পথচারী চলাচলের উপযোগী করার পাশাপাশি ভবিষ্যতে পুনরায় দখল রোধে স্থায়ী ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
স্বাস্থ্য কর্মকর্তার বক্তব্য থেকে স্পষ্ট, সমস্যাটি প্রশাসনিক পর্যায়ে অজানা নয়, বরং জনবল সংকট ও পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থার অভাবে তা দীর্ঘদিন ধরে সমাধানহীন থেকে যাচ্ছে। এ অবস্থায় স্থানীয়রা উপজেলা প্রশাসন, স্বাস্থ্য বিভাগ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বিত উদ্যোগে অবিলম্বে ফুটপাত ও সড়ক দখলমুক্ত করে স্থায়ী সমাধানের ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন