প্রকাশের সময়: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬ । ৮:১৩ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে নিষেধাজ্ঞা অমান্য করে ড্রেজারে বালু উত্তোলন, ভাঙনের ঝুঁকিতে বসতবাড়ি

এস. এম ইকবাল

চাঁদপুরের ফরিদগঞ্জ পৌর এলাকার চরকুমিরা গ্রামে সরকারি নির্দেশনা অমান্য করে অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। এতে আশপাশের বসতবাড়ি, ফলজ ও বনজ বাগান এবং কৃষিজমি ভাঙনের আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা। ড্রেজার মেশিনটি বন্ধে উপজেলা প্রশাসন ও পুলিশের হস্তক্ষেপ কামনা করেছেন তাঁরা।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ফরিদগঞ্জ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের চরকুমিরা গ্রামের মোহাব্বত আলী হাজী বাড়ির খলিফা বাড়িসংলগ্ন একটি কৃষিজমিতে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করা হচ্ছে। দীর্ঘদিন ধরে এভাবে বালু উত্তোলন করা হলে আশপাশের জমি ও বসতবাড়ি ঝুঁকিতে পড়তে পারে বলে তাঁরা আশঙ্কা করছেন।

স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেন, বালু উত্তোলনের জন্য ড্রেজার ব্যবহারের কারণে আশপাশের মাটি সরে গিয়ে বসতবাড়ি ও বাগান ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। তাই দ্রুত ড্রেজার মেশিনটি বন্ধ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপ চান তাঁরা।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বাসিন্দা অভিযোগ করেন, প্রভাবশালী একটি মহলের ইন্ধনে ড্রেজারটি পরিচালনা করা হচ্ছে। তাঁদের দাবি, প্রভাবশালী হওয়ায় সংশ্লিষ্ট ব্যক্তিরা আইন ও প্রশাসনের নির্দেশনা উপেক্ষা করছেন।

তবে ড্রেজার পরিচালনাকারী মো. বকুল অভিযোগ অস্বীকার করে বলেন, ড্রেজার পরিচালনার জন্য তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছ থেকে মৌখিক অনুমতি নিয়েছেন।

এ বিষয়ে ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সেটু কুমার বড়ুয়া বলেন, ‘মৌখিক অনুমতি বলতে কিছু নেই। এ বিষয়ে আমরা ব্যবস্থা নিচ্ছি।’

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন