শাহরাস্তি প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর উপলক্ষে সভা, মধ্যাহ্নভোজ ও আনন্দ নৌবিহারের আয়োজন করা হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) দিনব্যাপী এ আয়োজনে প্রেসক্লাবের সদস্যদের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতির পরিবেশ সৃষ্টি হয়।
দুপুরে উপজেলার মেহার কালীবাড়ি এলাকায় প্রেসক্লাব কার্যালয়ে দায়িত্ব হস্তান্তর উপলক্ষে সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রেসক্লাবের প্রায় সকলে উপস্থিত ছিলেন। সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি মো. হাবিবুর রহমান।
সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. নোমান হোসেন আখন্দ। স
ভায় নবনির্বাচিত সভাপতি মো. মাসুদ রানা, সাধারণ সম্পাদক মো. নোমান হোসেন আখন্দ ও সাংগঠনিক সম্পাদক মো. মাহবুব হাসান বাবলুর নেতৃত্বে প্রেসক্লাবের ভবিষ্যৎ কার্যক্রম, সাংগঠনিক শৃঙ্খলা এবং সদস্যদের কল্যাণে বিভিন্ন উদ্যোগ নিয়ে আলোচনা হয়।
এ সময় প্রেসক্লাব নির্বাচন কমিশনার বীর মুক্তিযোদ্ধা কাজী হুমায়ুন কবির ও শাহরাস্তি উপজেলা আইসিডি অ্যাম্বাসেডর মাহবুব আলম সুমন অতিথি হিসেবে এ কার্যক্রম প্রত্যক্ষ করেন।
পরে সদস্যদের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। বিকেল সাড়ে ৩টার দিকে গন্ধব্যপুর ব্রিজসংলগ্ন ঘাট থেকে আনন্দ নৌবিহার শুরু হয়। সাংবাদিকদের বহনকারী নৌযানটি ডাকাতিয়া নদী দিয়ে পশ্চিম দিকে এগিয়ে হাজীগঞ্জ বাজার এলাকায় পৌঁছে। সেখানে চা-পানের সংক্ষিপ্ত বিরতির পর আবার গন্ধব্যপুর ব্রিজসংলগ্ন ওয়াকওয়ের ঘাটের উদ্দেশে যাত্রা করে। প্রায় সাড়ে তিন ঘণ্টা পর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নৌবিহার শেষ হয়।
নৌবিহারে ডাকাতিয়া নদীর শান্ত জলরেখা ও দুই পাড়ের সবুজ প্রকৃতির মাঝে সাংবাদিকরা পেশাগত ব্যস্ততার বাইরে পারস্পরিক মতবিনিময় ও আনন্দে সময় কাটান।
প্রেসক্লাবের সদস্যরা বলেন, পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি সাংবাদিকদের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতা বাড়াতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ।
নবনির্বাচিত কমিটির নেতারা জানান, প্রেসক্লাবকে আরও সংগঠিত, শক্তিশালী ও কল্যাণমুখী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। এর মধ্যে প্রেসক্লাবের নিজস্ব জমিতে স্থায়ী ঠিকানা গড়ে তোলা, সদস্যদের জন্য আপৎকালীন তহবিল গঠন, সাংবাদিকদের সন্তানদের লেখাপড়ায় আর্থিক সহায়তা এবং অসুস্থ সাংবাদিকদের চিকিৎসায় সহযোগিতার উদ্যোগ নেওয়া হবে। তারা বলেন, প্রেসক্লাব শুধু সাংবাদিকদের পেশাগত সংগঠন নয়, স্থানীয় সমাজ ও মানুষের কল্যাণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সংগঠনকে শক্তিশালী করার পাশাপাশি জনস্বার্থে আরও সক্রিয় ভূমিকা রাখাই বর্তমান কমিটির লক্ষ্য।

নিজস্ব প্রতিনিধি