চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে সন্ত্রাসী কর্মকান্ড, নাশকতা ও অরাজকতা সৃষ্টির অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের পাঁচ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।
গত শনিবার (১৯ সেপ্টেম্বর-২০২৬) গভীর রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাঁদের গ্রেপ্তার করে। গতকাল রবিবার দুপুরে চাঁদপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতের মাধ্যমে তাঁদেরকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ জানায়, গ্রেফতার ব্যক্তিরা হলো; কার্যক্রম নিষিদ্ধ মতলব দক্ষিণ উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ও সাবেক ইউপি সদস্য শেখ ফজলুল করিম সেলিম, মতলব পৌর ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক হাবিবুল্লাহ সাগর, উপজেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য মো. অলি উল্লাহ, মো. কাউসার হোসেন ও শাহজালাল।
মতলব দক্ষিণ থানার পরিদর্শক (তদন্ত) অখিল সরকার বলেন, নাশকতা, সন্ত্রাসী কর্মকান্ড ও অরাজকতা সৃষ্টির অভিযোগে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। থানায় সন্ত্রাসবিরোধী আইনে তাঁদের বিরুদ্ধে মামলা হয়েছে। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে চাঁদপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।

নিজস্ব প্রতিনিধি