প্রকাশের সময়: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ । ৮:১০ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে ড্রেজার দিয়ে মাটি উত্তোলন, ২ লাখ টাকা জরিমানা

মোঃ মাসুদ রানা

চাঁদপুরের শাহরাস্তিতে কৃষিজমির টপ সয়েল (উর্বর উপরিভাগের মাটি) কেটে ড্রেজারের মাধ্যমে অবৈধভাবে মাটি-বালু উত্তোলনের দায়ে মো. রাজু (২২) নামে এক ব্যক্তিকে ২ লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই অভিযানে তিনটি ড্রেজার অকেজো করার পাশাপাশি অবৈধভাবে মাটি উত্তোলনে ব্যবহৃত প্রায় ১ হাজার ৫০০ ফুট পাইপ বিনষ্ট করা হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে বিকেল অবধি  উপজেলার চিতোষী পশ্চিম ইউপির বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিরা খাতুনের নির্দেশনায় অভিযানটি পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ  ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান।

অভিযান সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চিতোষী পশ্চিম ইউপির বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। এ সময় অনুমোদন ছাড়াই ড্রেজারের মাধ্যমে কৃষিজমি থেকে মাটি ও বালু উত্তোলনের সত্যতা পাওয়া যায়। পরে কৃষিজমির টপ সয়েল কেটে মাটি উত্তোলনের অপরাধে রায়শ্রী উত্তর এলাকার মো. রাজু (২২)-কে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারায় ২ লাখ টাকা অর্থদণ্ড করা হয়।

অভিযানের সময় মনোহরপুর এলাকায় মাটি উত্তোলনে ব্যবহৃত তিনটি ড্রেজার অকেজো করা হয়। এছাড়া নরিংপুর এলাকায় অবৈধভাবে মাটি উত্তোলনের কাজে ব্যবহৃত প্রায় ১ হাজার ৫০০ ফুট পাইপ বিনষ্ট করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান বলেন, কৃষিজমির উর্বর উপরিভাগের মাটি বা টপ সয়েল কেটে নেওয়ার ফলে জমির উর্বরতা ও উৎপাদনশীলতা ক্ষতিগ্রস্ত হয়। এ ধরনের অবৈধ মাটি উত্তোলন বন্ধে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। অনুমোদন ছাড়া ড্রেজার দিয়ে কৃষিজমি থেকে মাটি উত্তোলন করা হলে প্রচলিত আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর বিধান অনুযায়ী উর্বর কৃষিজমির উপরিভাগের মাটি বিনষ্ট হয় এমনভাবে মাটি উত্তোলন করা নিষিদ্ধ। একইভাবে ড্রেজারের মাধ্যমে এমনভাবে মাটি বা বালু উত্তোলন করা যাবে না, যাতে জমি বা পার্শ্ববর্তী জমির ক্ষতি, চ্যুতি বা ধসের সৃষ্টি হয়।

অভিযানে সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি অফিসের দায়িত্বপ্রাপ্ত ইউনিয়ন উপ-সহকারী ভূমি কর্মকর্তা, উপজেলা আনসার সদস্য ও গ্রাম পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন