সম্প্রতি পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে চাঁদপুরের শাহরাস্তিতে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে উপজেলা ও পৌর বিএনপি।
বৃহস্পতিবার কেন্দ্রীয় বিএনপির ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এ কর্মসূচি পালন করা হয়।ওইদিন বিকেলে পৌরশহরের কালিয়াপাড়া দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে দোয়াভাঙ্গা পর্যন্ত যায়। পরে সেখানে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় প্রধান অতিথির বক্তব্যে শাহরাস্তি উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আয়েত আলী ভূঁইয়া বলেন, “দেশ ও দলের স্বার্থে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কোনো অবস্থাতেই দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুযোগ দেওয়া যাবে না।
তিনি বলেন, বৈশ্বিক নানা সংকট, সরকার পরিবর্তন এবং নতুন সরকারের দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে দেশে একটি পরিবর্তিত পরিস্থিতি তৈরি হয়েছে। এ সুযোগে একটি গোষ্ঠী নানা ষড়যন্ত্র ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ রয়েছে। এসব অপতৎপরতা মোকাবিলায় বিএনপির নেতা-কর্মীদের শান্তিপূর্ণ ও দায়িত্বশীল রাজনৈতিক ভূমিকা পালন করতে হবে।
আয়েত আলী ভূঁইয়া বলেন, দলের ভেতরে থাকা কেউ যদি বিভ্রান্তি বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে, তাহলে তার বিরুদ্ধে সতর্ক থাকতে হবে। তবে কোনো অবস্থাতেই আইনবিরোধী বা শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়ানো যাবে না। দলের নেতা-কর্মীদের মধ্যে ভুল-বোঝাবুঝি বা মতপার্থক্য সৃষ্টি হলে তা আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে।তিনি আরও বলেন, বিএনপির বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালানো হলে তার রাজনৈতিকভাবে জবাব দিতে হবে। কিন্তু জবাব দিতে গিয়ে এমন কোনো কর্মকাণ্ড করা যাবে না, যাতে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়। মিছিল-সমাবেশে উসকানিমূলক বা হিংসাত্মক বক্তব্য পরিহার করে শান্তিপূর্ণ ও শৃঙ্খলাবদ্ধভাবে রাজনৈতিক কর্মসূচি পালন করতে হবে।
প্রধান অতিথি নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, “আমাদের শক্তি হলো ঐক্য। তাই ব্যক্তিগত স্বার্থ বা ভুল-বোঝাবুঝির কারণে দলের মধ্যে বিভেদ সৃষ্টি করা যাবে না। যেকোনো সমস্যা দলীয়ভাবে আলোচনা করে সমাধান করতে হবে।
পথসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সহ-সভাপতি শাহ মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক সেলিম পাটোয়ারী লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন, পৌর বিএনপির আহ্বায়ক আবুল কালাম পাটোয়ারী, যুগ্ম আহ্বায়ক শেখ বেলায়েত হোসেন সেলিম, বিএনপি নেতা ও সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান পাটোয়ারী।এ ছাড়া উপজেলা যুবদলের আহ্বায়ক আলী আজগর মিয়াজী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট সাহেদুল হক মজুমদার সোহেল, পৌর যুবদলের আহ্বায়ক মো. জাকির হোসেন নয়ন, সদস্য সচিব আলী আজগর মোল্লা,মাহবুব হাসান বাবলু,আদনান নোমান, উপজেলা ছাত্রদলের সভাপতি ইঞ্জিনিয়ার এবিএম পলাশ, সাধারণ সম্পাদক আজগর হোসেন মিয়াজী, পৌর ছাত্রদলের আহ্বায়ক মাজহারুল ইসলাম জুয়েল, ওলামা দলের সভাপতি মাওলানা মুস্তাফিজুর রহমান ও শ্রমিক দলের আহ্বায়ক হেলাল উদ্দিনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
বক্তারা দলীয় ঐক্য, শৃঙ্খলা ও পারস্পরিক সহযোগিতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে রাজনৈতিক কর্মসূচিতে দায়িত্বশীল আচরণ এবং অভ্যন্তরীণ মতপার্থক্য আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান জানান।
এ সময় উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ছাড়াও ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

নিজস্ব প্রতিনিধি