প্রকাশের সময়: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬ । ৯:১৭ পিএম প্রিন্ট এর তারিখঃ বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩ পরিবারের ৯ বসতঘর পুড়ে ছাই, ক্ষতি ২০ লাখ টাকা

মোঃ রাছেল, কচুয়া

চাঁদপুরের কচুয়া উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন পরিবারের নয়টি বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো জানিয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) মধ্যরাতে উপজেলার কড়ইয়া ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের জাহাজী বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। প্রাথমিক ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।

ক্ষতিগ্রস্ত পরিবারগুলো হলেন, ডুমুরিয়া গ্রামের জাহাজী বাড়ির মকবুল হোসেন, কামাল হোসেন ও নুরে আলম।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে হঠাৎ করেই একটি ঘরে আগুনের শিখা দেখতে পান স্থানীয়রা। মুহূর্তের মধ্যে সেই আগুন আশপাশের ঘরগুলোতে চারদিকে ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালান। কিন্তু আগুনের তীব্রতা বেশি থাকায় দ্রুত নয়টি বসতঘর ও ঘরের ভেতরে থাকা সব আসবাবপত্র, প্রয়োজনীয় কাগজপত্র, স্বর্ণালংকার এবং নগদ টাকা পুড়ে ছাই হয়ে যায়।

এদিকে ভয়াবহ এই অগ্নিকাণ্ডের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেন, কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিত রায়, কচুয়া প্রেস ক্লাবের সভাপতি আতাউল করিম এবং কড়ইয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম সওদাগর।

এ সময় তারা ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের খোঁজখবর নেন, সমবেদনা জানান এবং সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার পাশাপাশি তাদের পাশে থাকার আশ্বাস দেন।

হঠাৎ ঘটে যাওয়া এই সর্বগ্রাসী আগুনে মাথা গোঁজার ঠাঁই ও সম্বল হারিয়ে চরম দুর্ভোগে পড়েছেন ক্ষতিগ্রস্ত তিন পরিবার। দ্রুত পুনর্বাসনের জন্য তারা সরকারি ও বিত্তবানদের সহায়তা কামনা করেছেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন