শাহরাস্তি উপজেলার উয়ারুক এলাকায় অভিযান চালিয়ে মাদক সেবনের দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক যুবকে দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। গত রোববার (১১ অক্টোবর ২০২৬) রাত ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন উয়ারুক ইউনিয়নের দোপল্লা গ্রামের মো. ইউছুফ (৩২)।
অভিযানকালে তাৎক্ষণিকভাবে তাঁকে মাদক সেবনের দায়ে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বিচারকাজ শেষে তাঁকে দুই মাসের কারাদণ্ড প্রদান করা হয়।অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুজ্জামান। এ সময় শাহরাস্তি মডেল থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
অভিযান প্রসঙ্গে সহকারী কমিশনার (ভূমি) শামসুজ্জামান বলেন, মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে। মাদকসেবী ও মাদক কারবারিদের কোনো ছাড় দেওয়া হবে না। মাদকসহ সব ধরনের অপরাধমূলক কার্যক্রম রোধে উপজেলা প্রশাসনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

মোঃ মাসুদ রানা