প্রকাশের সময়: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ । ১০:৫১ পিএম প্রিন্ট এর তারিখঃ বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

লেখাপড়ার পাশাপাশি সহশিক্ষার কার্যক্রম অত্যন্ত জরুরী : শিক্ষা অফিসার মোছাদ্দেক

নিজস্ব প্রতিনিধি

বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

১৩ অক্টোবর (মঙ্গলবার) সকাল ১১টায় বিদ্যালয়ের মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মুহাম্মদ মোছাদ্দেক হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ মোছাদ্দেক হোসেন বলেন, আজকের এই চমৎকার দিনে শিক্ষার্থীদের মাঝে উপস্থিত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। পুরস্কার বিতরণ অনুষ্ঠান যেকোনো বিদ্যালয়ের জন্যই একটি উৎসবের দিন। শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের কাঙ্ক্ষিত আচরণগত পরিবর্তন আনতে হবে, যা তাদের মানবিক মানুষ হিসেবে গড়ে তুলতে সহায়তা করবে।

তিনি বলেন, পড়ালেখার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রম অত্যন্ত জরুরি। বর্তমান সরকার শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ করে দেবে। আগামী বছর চতুর্থ শ্রেণি থেকে এ কার্যক্রম শুরু করার পরিকল্পনা রয়েছে। যারা সংস্কৃতি ও খেলাধুলার চর্চা করে, তাদের ভবিষ্যৎ উজ্জ্বল হওয়ার সম্ভাবনা বেশি। শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলা করতে হবে। তাদের মধ্যে সৃজনশীল চিন্তার বিকাশ ঘটাতে হবে এবং চিন্তাশীল ও সৃজনশীল কাজে উৎসাহিত করতে হবে।

তিনি আরও বলেন, ২০১০ সাল থেকে আমি চাঁদপুর সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছি। তখন থেকেই বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক এবং এ বিদ্যালয়ের সভাপতি সাংবাদিক সোহেল রুশদী বিদ্যালয়গুলো সুন্দরভাবে পরিচালনা করে আসছেন। তিনি তাঁর দাদার প্রতিষ্ঠিত শিক্ষাপ্রতিষ্ঠানগুলো আগলে রেখেছেন। এ জন্য মরহুম এটি আহমেদ হোসাইন রুশদীর প্রতি কৃতজ্ঞতা জানাই। তিনি ছিলেন ভবিষ্যতের স্বপ্নদ্রষ্টা। তাঁর চিন্তাভাবনা ছিল অত্যন্ত দূরদর্শী। সারাদেশে শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠার মাধ্যমে তিনি শিক্ষার আলো ছড়িয়ে দিয়েছেন। এমন মানুষ হাজারে ও লাখে দু-চারজন পাওয়া যায়। মহান আল্লাহ তাঁকে জান্নাত নসিব করুন।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, তোমরাই আগামী দিনের ভবিষ্যৎ। শুধু পাঠ্যবইয়ের পাতায় সীমাবদ্ধ থাকলে চলবে না; খেলাধুলা, ছবি আঁকা, গান ও সংস্কৃতিচর্চাও চালিয়ে যেতে হবে। জীবনকে সুন্দর করতে হলে পড়াশোনার পাশাপাশি ভালো মানুষ হওয়া এবং বড়দের সম্মান করতে শিখতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা শিক্ষা অফিসার মো. আবু সাঈদ চৌধুরী এবং উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার সেলিনা বেগম।

বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা শিক্ষা অফিসার মো. আবু সাঈদ চৌধুরী বলেন, আজকের অনুষ্ঠান একটি স্মরণীয় দিন। ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান শিক্ষার্থীদের মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শিক্ষার্থীদের সাংস্কৃতিক চর্চার সুযোগ দিতে হবে। পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও ধর্মীয় চর্চাও করতে হবে।

উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার সেলিনা বেগম বলেন, পুরস্কার বিতরণ অনুষ্ঠান আনন্দের দিন। শিক্ষকরা নতুন প্রজন্মকে নৈতিক ও ধর্মীয় শিক্ষা দেবেন। শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চায় উৎসাহিত করতে হবে।

সভাপতির বক্তব্যে রাখেন সাংবাদিক সোহেল রুশদী অনুষ্ঠানের প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীদের শুভেচ্ছা জানান। তিনি বলেন, ১৯৪৮ সালে আমার দাদা বিশিষ্ট শিক্ষাবিদ মরহুম এটি আহমেদ হোসাইন রুশদী এ প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেন। তিনি এ অঞ্চলসহ সারাদেশে প্রায় অর্ধশত শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন। তৎকালীন সরকার তাঁকে ‘রুশদী’ উপাধিতে ভূষিত করে।

তিনি আরও বলেন, এ বিদ্যালয় প্রাথমিক শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। প্রাথমিক শিক্ষা হলো শিক্ষার মূল ভিত্তি। প্রাথমিক শিক্ষার উন্নয়নে সরকার কাজ করছে। শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে পাঠ্যবই বিতরণ করা হচ্ছে এবং মিড-ডে মিল চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। আগামীতে শিক্ষার্থীদের স্কুল ড্রেস ও ব্যাগ দেওয়ার পরিকল্পনাও রয়েছে। শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলার চর্চা করতে হবে। ভালো ফলাফল অর্জনের জন্য শিক্ষার্থীদের যথাযথ দিকনির্দেশনা দিতে হবে। এ বিদ্যালয়কে এ অঞ্চলের একটি মডেল শিক্ষাপ্রতিষ্ঠানে পরিণত করতে হবে। সরকার শিক্ষার উন্নয়নে যেসব নির্দেশনা দেবে, সেগুলো যথাযথভাবে বাস্তবায়ন করতে হবে।

সাংবাদিক সোহেল রুশদী বলেন, চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক শিক্ষার উন্নয়নে অত্যন্ত আন্তরিক। তিনি শিক্ষার প্রসারে কাজ করছেন এবং সবসময় আমাদের পাশে থাকবেন বলে আশা করি।

তিনি আরও বলেন, অনুষ্ঠানের প্রধান অতিথি মুহাম্মদ মোছাদ্দেক হোসেন একজন আইকনিক কর্মকর্তা। বিশেষ অতিথি উপজেলা শিক্ষা অফিসার মো. আবু সাঈদ চৌধুরী একজন শিক্ষাবান্ধব কর্মকর্তা। সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার সেলিনা বেগম শিক্ষার্থীদের সুখে-দুঃখে মানবিকতার পরিচয় দিয়েছেন। কোনো শিক্ষার্থী যাতে ঝরে না পড়ে, সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতি সবাইকে যত্নশীল হতে হবে।

শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উত্তর শাহতলী যোবাইদা বালক সপ্রাবি  বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. দিদার হোসেন মিজি। পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাওলানা শহিদুল ইসলাম।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন শাহতলী কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইন, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোহসিন উদ্দিন, উত্তর শাহতলী যোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ নুরুজ্জামান, ৩০নং মধ্য শাহতলী কাদেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোসা. তহমিনা আক্তার, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা ফাহিমা জাহান, পাইকদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মোস্তফা চৌধুরী, উত্তর শাহতলী যোবাইদা বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা মোসা. তহমিনা খানম, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি মো. মোশারফ কারী, ৪নং ওয়ার্ড ( শাহতলী) বিএনপির সভাপতি মো. জাহাঙ্গীর খান, সাধারণ সম্পাদক মো. আব্দুল আজিজ মিজি, অভিভাবক ডিবি কর্মকর্তা (অব.) মো. সাইফুল কবির চৌধুরী, বিশিষ্ট সমাজসেবক মো. নুরুজ্জামান মুন্সি, ৪নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. রিপন মিজি, সমাজসেবক মো. সোহাগ গাজী ও মো. জাহাঙ্গীর মিজিসহ অভিভাবক, অতিথি ও শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা শামীমা সুলতানা, সাহিনা সুলতানা, নাজিয়া মাহবুব ও মো. কবির হোসেন চৌধুরীসহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকারা।
অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। শেষে ‘যেমন খুশি তেমন সাজো’ পর্বসহ বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

অনুষ্ঠান সুন্দরভাবে সম্পন্ন হওয়ায় প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সবার প্রতি বিদ্যালয়ের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন