চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ৫নং হাজীগঞ্জ সদর ইউনিয়ন জাতীয়তাবাদী যুবদলের নবগঠিত কমিটির নেতাদের ফুল দিয়ে বরণ করলেন ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপির নেতাকর্মীরা।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় হাজীগঞ্জ বাজারের একটি রেস্টুরেন্টে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন ৫নং হাজীগঞ্জ সদর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক সোলাইমান প্রধানিয়া।
অনুষ্ঠানে নবগঠিত ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. সাদ্দাম হোসেন বেপারি এবং সদস্য শেখ ফরিদ ও মো. সাইফুল বকাউলকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. হেলাল উদ্দিন চৌধুরী ও ইমান হোসেন খান, বিএনপি নেতা আবু তাহের খান, আব্দুল আলী বকাউল, হুমায়ুন খান, এমরান বকাউল ও নজরুল সর্দারসহ স্থানীয় বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
অনুষ্ঠানে নবগঠিত যুবদল নেতাদের শুভেচ্ছা জানিয়ে তাঁদের আগামী দিনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যাশা ব্যক্ত করেন তারা। পাশাপাশি তৃণমূল পর্যায়ে দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধি, নেতাকর্মীদের মধ্যে ঐক্য ও পারস্পরিক সম্প্রীতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
সংশ্লিষ্ট নেতাকর্মীরা আশা প্রকাশ করেন, এ ধরনের সংবর্ধনা নবগঠিত যুবদল নেতাদের সাংগঠনিক দায়িত্ব পালনে উৎসাহিত করবে এবং স্থানীয় পর্যায়ে বিএনপি ও যুবদলের কার্যক্রম আরও সুসংগঠিত করতে ইতিবাচক ভূমিকা রাখবে।

মোহাম্মদ মোশারফ হোসেন