প্রকাশের সময়: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬ । ৬:২১ পিএম প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩

রেকটিফাইড স্পিরিটের অপব্যবহার রোধে হাজীগঞ্জে দুই দিন বন্ধ থাকবে হোমিওপ্যাথিক দোকান

মোহাম্মদ মোশারফ হোসেন

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, উৎসবের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং হোমিওপ্যাথিক চিকিৎসায় ব্যবহৃত রেকটিফাইড স্পিরিট ও ইথাইল অ্যালকোহলের অপব্যবহার রোধে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার সব হোমিওপ্যাথিক দোকান ও চেম্বার দুই দিন বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, মঙ্গলবার (২০ অক্টোবর) ও বুধবার (২১ অক্টোবর) উপজেলার সব পাইকারি ও খুচরা হোমিওপ্যাথিক ওষুধের দোকান এবং চিকিৎসকদের চেম্বার বন্ধ থাকবে।

প্রশাসন সূত্রে জানা গেছে, দুর্গাপূজা চলাকালে সার্বিক নিরাপত্তা বজায় রাখা এবং হোমিওপ্যাথিক চিকিৎসায় ব্যবহৃত রেকটিফাইড স্পিরিট ও ইথাইল অ্যালকোহলের অপব্যবহার প্রতিরোধে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইবনে আল জায়েদ হোসেন সংশ্লিষ্ট ব্যবসায়ী ও চিকিৎসকদের নির্দেশনা মেনে চলার অনুরোধ জানিয়েছেন।

এদিকে, মঙ্গলবার সকাল থেকে হাজীগঞ্জ পৌরসভার বাজার পরিদর্শক সাফিউল বাসার রুজমনের নেতৃত্বে একটি দল বাজারে তদারকি কার্যক্রম শুরু করেছে। সরেজমিনে দেখা যায়, নির্দেশনা অনুযায়ী হোমিওপ্যাথিক ওষুধের দোকান ও চেম্বার বন্ধ রাখা হয়েছে কি না, তা পর্যবেক্ষণ করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কাওসার আলম ভূঁইয়া বলেন, শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপন এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে। উৎসব চলাকালে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন