প্রকাশের সময়: বুধবার, ২১ অক্টোবর, ২০২৬ । ১২:৩১ এম প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩

শাহরাস্তিতে কৃষিজমির টপসয়েল কাটায় দুইজনকে ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা

মোঃ মাসুদ রানা

চাঁদপুরের শাহরাস্তিতে কৃষিজমির উপরিভাগের উর্বর মাটি (টপসয়েল) কাটার দায়ে জমির মালিক ও ড্রেজার মালিককে মোট ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২০ অক্টোবর) বিকাল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত উপজেলার চিতোষী পূর্ব ইউপির অভিযান চালিয়ে এ অর্থদণ্ড দেওয়া হয়। এ সময় মাটি উত্তোলনে ব্যবহৃত পাইপও বিনষ্ট করা হয়। উপজেলা নির্বাহী অফিসার  (ইউএনও) মনিরা খাতুনের নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন।

অভিযানে অনুমোদন ছাড়াই ড্রেজারের মাধ্যমে কৃষিজমি থেকে মাটি ও বালু উত্তোলনের সত্যতা পাওয়া যায়। এ অপরাধে শাহরাস্তি উপজেলার চিতোষী পূর্ব ইউপির  খেড়িহর গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে আবদুর রহিমকে (৪৫) ১ লাখ টাকা এবং মনোহরগঞ্জের বাসিন্দা ড্রেজারমালিক মো. ফারুককে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।

বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারায় তাঁদের এ অর্থদণ্ড দেওয়া হয়।অভিযানে নেতৃত্ব দেন শাহরাস্তি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান। এ সময় উপজেলা আনসার ও গ্রাম পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

সহকারী কমিশনার (ভূমি) সামছুজ্জামান বলেন, কৃষিজমির উপরিভাগের উর্বর মাটি ফসল উৎপাদনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অপরিকল্পিতভাবে এ মাটি কেটে নেওয়ার ফলে জমির উর্বরতা কমে যায় এবং কৃষি উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা থাকে। কৃষিজমি সুরক্ষা ও অবৈধভাবে মাটি উত্তোলন বন্ধে উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।

অনুমোদন ছাড়া কৃষিজমির টপসয়েল কাটার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, কৃষিজমি রক্ষা এবং অবৈধভাবে মাটি ও বালু উত্তোলন প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন