প্রকাশের সময়: বুধবার, ২১ অক্টোবর, ২০২৬ । ১২:৪৩ এম প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩

পৌর ৯নং ওয়ার্ড বিএনপির কমিটিতে যারা আছেন, তারা কোন দলের?’— কবির মুন্সি

নিজস্ব প্রতিনিধি

চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ড বিএনপির নবগঠিত কমিটি নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। কমিটিতে অন্তর্ভুক্ত নেতাকর্মীদের রাজনৈতিক পরিচয়, দলীয় সম্পৃক্ততা ও কমিটি অনুমোদনের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন হাজীগঞ্জ পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক কবির হোসেন মুন্সি।

সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় এনায়েতপুর বিএনপির দলীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব প্রশ্ন তোলেন।

এ সময় কবির হোসেন মুন্সি বলেন-৯নং ওয়ার্ড বিএনপির কমিটিতে যারা রয়েছেন, তারা কোন দলের রাজনীতি করেন? একটা সময় দলের নাম নেওয়ার মতো লোক ছিল না। এখন দলের সুসময়ে সামনের সারিতে নেতার অভাব নেই। আমরা রাজনীতি করি সম্মানের জন্য। যারা আওয়ামী লীগের সঙ্গে আতাত করে চলেছেন, তারাই এখন কমিটিতে পদ-পদবি পাচ্ছেন। তারা আসলে কোন দলের রাজনীতি করেন?

হাজীগঞ্জ পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ভুলু মুন্সির প্রতি ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, দলের গঠনতন্ত্র অনুযায়ী সিনিয়র যুগ্ম আহ্বায়ক একক স্বাক্ষরে কমিটির অনুমোদন দিতে পারেন কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে। কোন ক্ষমতাবলে তিনি এ কমিটির অনুমোদন দিয়েছেন, তা জানতে চান কবির মুন্সি। একই সঙ্গে নবগঠিত কমিটির সভাপতি দুলাল মজুমদারকে আওয়ামী লীগের দালাল বলে মন্তব্য করেন তিনি।

নিজের রাজনৈতিক ত্যাগের কথা তুলে ধরে কবির হোসেন মুন্সি আরও বলেন- ভুলু মুন্সি স্বৈরাচার আমলে সরকারের দালালি করে চাকরি করেছেন এবং আরাম-আয়েশে জীবনযাপন করেছেন। আর আমরা মামলা-হামলার শিকার হয়েছি। আজ তিনি দলের প্রথম সারির নেতা, আর আমরা হয়েছি অবহেলিত কর্মী।

কবির হোসেন মুন্সির এসব বক্তব্যকে কেন্দ্র করে হাজীগঞ্জ পৌর বিএনপির নবগঠিত ৯নং ওয়ার্ড কমিটি নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন