প্রকাশের সময়: বুধবার, ২১ অক্টোবর, ২০২৬ । ৮:৫৬ পিএম প্রিন্ট এর তারিখঃ বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

জন্ম-মৃত্যু নিবন্ধনে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শাহরাস্তির ইউএনও মনিরা খাতুন

মোঃ মাসুদ রানা
জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন চাঁদপুরের শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা খাতুন। ২০২৬ সালের সেপ্টেম্বর মাসের কার্যক্রমের মূল্যায়নে তিনি এ স্বীকৃতি পান। শাহরাস্তিতে যোগদানের পর থেকে প্রশাসনিক তৎপরতা, মাঠপর্যায়ে তদারকি ও জনবান্ধব বিভিন্ন উদ্যোগের মাধ্যমে প্রশংসা কুড়িয়েছেন তিনি।
জন্ম-মৃত্যু নিবন্ধনে দেশসেরা চাঁদপুরের ডিসি, সেরা তিন ইউএনও
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, সরকারি উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন, শিক্ষা ক্ষেত্রে বিভিন্ন পদক্ষেপ, বাজার মনিটরিং, কৃষিজমির টপসয়েল কাটা ও অবৈধ ড্রেজিং বন্ধ, ডাকাতিয়া নদীতে মৎস্য নিধন প্রতিরোধ, কিশোর গ্যাং ও বাল্যবিয়ে দমনে উদ্যোগ, বৃক্ষরোপণ এবং নারীর ক্ষমতায়নে ভূমিকা রাখছেন ইউএনও মনিরা খাতুন। এ ছাড়া প্রধানমন্ত্রীর উদ্বোধন করা খোর্দ্দ শৈলখালী খাল খনন কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়ন, পৌরসভার বর্জ্য অপসারণ, পথকুকুরকে টিকা প্রদান এবং সরকারি হাসপাতালে স্বাস্থ্যসেবার মানোন্নয়নেও বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন তিনি।
জন্ম ও মৃত্যু নিবন্ধনে সাফল্যের বিষয়ে ইউএনও মনিরা খাতুন বলেন, “প্রতি মাসে নির্দিষ্ট লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করেছি। গ্রাম পুলিশ, পরিবার পরিকল্পনা কর্মী ও টিকাদান কেন্দ্রের সহায়তায় বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করেছি, যাতে কোনো শিশুর জন্মনিবন্ধন বাদ না পড়ে। পিছিয়ে থাকা নিবন্ধন সম্পন্ন করতেও বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। এ অর্জনে স্থানীয় সংসদ সদস্য লায়ন ইঞ্জিনিয়ার মমিনুল হক ও জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমানের সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই। ভবিষ্যতেও নাগরিকদের দ্রুত ও হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করতে এ ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টা করব।”
এদিকে একই কার্যক্রমে জাতীয় পর্যায়ে সেরা জেলা প্রশাসক নির্বাচিত হয়েছেন চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান। তিনি জানান, নিবন্ধন কার্যক্রমে পিছিয়ে থাকার বিষয়টি কাটিয়ে উঠতে উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি), ইউনিয়ন পরিষদ সচিব ও গ্রাম পুলিশদের প্রশিক্ষণ দেওয়া হয়। পাশাপাশি বাদ পড়া নিবন্ধন সম্পন্ন, মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ এবং নিয়মিত অগ্রগতি তদারকির মাধ্যমে লক্ষ্যমাত্রা অর্জনের চেষ্টা করা হয়েছে।
শাহরাস্তি প্রেস ক্লাবের সভাপতি মোঃ মাসুদ রানা ও সাধারণ সম্পাদক নোমান হোসেন আখন্দ এ অর্জনে ইউএনও মনিরা খাতুন ও জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমানকে অভিনন্দন জানিয়েছেন। তাঁরা আশা প্রকাশ করেন, এ সাফল্য নাগরিক সেবার মানোন্নয়নে আরও উৎসাহ জোগাবে।
উল্লেখ্য, একই মূল্যায়নে চট্টগ্রাম বিভাগের দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করেছেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম এন জামিউল হিকমা ও হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন