মতলব দক্ষিণে দেবী দুর্গার প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে ভাবগাম্ভীর্য, আনন্দ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হলো সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব।
গত কয়েক দিন ধরে মণ্ডপে মণ্ডপে চলা পূজা-অর্চনা, অঞ্জলি প্রদান এবং সিঁদুর খেলা শেষে দেবী দুর্গাকে অশ্রুসজল নয়নে বিদায় জানান ভক্তরা। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়েই শেষ হয় এই ধর্মীয় উৎসবের আনুষ্ঠানিকতা।
মতলব দক্ষিণ উপজেলার ৩৯টি পূজা মণ্ডপে উৎসবমুখর, শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে দুর্গোৎসব উদযাপিত হওয়ায় সর্বস্তরের মানুষের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মতলব দক্ষিণ উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান যুব ঐক্য পরিষদের আহ্বায়ক এবং ব্রাহ্মণ সংসদ মতলব দক্ষিণ উপজেলার আহ্বায়ক সমীর ভট্টাচার্য্য।
এক বিশেষ বার্তায় তিনি চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ ড. জালাল উদ্দিন, মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা কেএম ইশমাম, মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান মানিক এবং মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র এনামুল হক বাদলসহ প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় জনগণের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। এ ছাড়াও প্রতিটি মণ্ডপ পূজা উদযাপন কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও সংশ্লিষ্টদের অক্লান্ত পরিশ্রমের কারণে দুর্গোৎসব সম্পন্ন হওয়ায় তাঁদের বিশেষ সাধুবাদ জানান তিনি।
সমীর ভট্টাচার্য্য বলেন, সকলের আন্তরিক সহযোগিতা, সুদৃঢ় নিরাপত্তা ব্যবস্থা এবং সম্প্রীতির বন্ধনের কারণেই এ বছর মতলব দক্ষিণে অত্যন্ত সুন্দর ও উৎসবমুখর পরিবেশে দুর্গোৎসব সম্পন্ন হয়েছে। অসাম্প্রদায়িক চেতনায় উদ্বুদ্ধ হয়ে যেভাবে সবাই এগিয়ে এসেছেন, তা সত্যিই প্রশংসনীয়। এই সম্প্রীতি ও ভ্রাতৃত্বের ধারা আগামী দিনেও মতলব দক্ষিণ উপজেলার সর্বস্তরের মানুষের মাঝে বজায় থাকবে বলে আমি বিশ্বাস করি।

নিজস্ব প্রতিনিধি