প্রকাশের সময়: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ । ৭:৩৭ পিএম প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

দেশে আসবেন বলে জাতিকে আর লজ্জায় ফেলবেন না, জনগণ তারেক রহমানকে আপন করে নিয়েছে : এমপি মানিক

নিজস্ব প্রতিনিধি

জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে জেলা বিএনপির কার্যালয়ের সামনে চাঁদপুর জেলা যুবদলের উদ্যোগে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপি সভাপতি শেখ ফরিদ আহম্মেদ মানিক।

তিনি তার বক্তব্যে বলেন, যুবদল প্রধানমন্ত্রীর ভ্যানগার্ড। আমরা ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে ১৭ বছর যুদ্ধ করেছি। যারা মনে করছেন দেশে আসবেন, তাদের জন্য আমাদের দরজা খোলা। দেশে আসুন, তবে আগের সেই দিন ভুলে যান। দেশে আসবেন বলে জাতিকে আর লজ্জায় ফেলবেন না। বাংলাদেশের জনগণ তারেক রহমানকে আপন করে নিয়েছেন।

তিনি আরও বলেন, যুবদলকে আরও পরিশ্রমী ও শক্তিশালী হতে হবে। সামাজিক যোগাযোগমাধ্যমে সুন্দর ও সুশৃঙ্খলভাবে সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরতে হবে। মাদক নির্মূল ও ব্যক্তিগত লোভ সংবরণ করতে না পারলে একটি আদর্শিক যুবদল গড়ে তোলা সম্ভব নয়। মাদক সমাজকে ধ্বংস করে। যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে হবে।

শেখ ফরিদ আহম্মেদ মানিক বলেন, চাঁদপুরের যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা চাঁদপুর ইপিজেডে চাকরি করবেন, দেশের অর্থনৈতিক চাকা সচল রাখতে ভূমিকা রাখবেন। আজকে আমরা শপথ করি, কেউ ইউনিয়ন নির্বাচনে প্রার্থী হবো না। বিএনপি যাকে মনোনয়ন দেবে, সবাই মিলে তার পক্ষে কাজ করে তাকে বিজয়ী করব।

অতীতের আন্দোলন-সংগ্রামের স্মৃতিচারণ করে তিনি বলেন, একসময় আমরা ক্ষেতে-রাস্তায় রাস্তায় ঘুমিয়েছি। যারা আমাদের ঘুম পাড়িয়েছে, তারা এখন দেশ ছেড়ে পালিয়েছে। তিনি যুবদলের নেতাকর্মীদের প্রতিটি এলাকায় মাদকবিরোধী অবস্থান গড়ে তোলার আহ্বান জানিয়ে বলেন, মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করলে এলাকার জনগণ যুবদলের পাশে থাকবে।

চাঁদপুর জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিকের সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্যা সেলিম। তিনি বলেন, আওয়ামী লীগ অনেক ধাপ্পাবাজি করেছে। ডিসেম্বরে শেখ হাসিনা দেশে আসছেন বলে আওয়ামী লীগ পালকি সাজাচ্ছে। সেই পালকিসহ তাদের ভরে দেওয়া হবে। আওয়ামী লীগ এ দেশে আর ফিরে আসবে না। জান্নাতের টিকিট বিক্রিকারীদের থেকে আমাদের সাবধান থাকতে হবে এবং তাদের মোকাবিলা করতে হবে।

অ্যাড. সলিম উল্যা সেলিম আরও বলেন, সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক যুবসমাজের কর্মসংস্থানের ব্যবস্থা করছেন। মাদক, ইভটিজিং, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত একটি সুন্দর সমাজব্যবস্থা গড়ে তোলা হবে।

চাঁদপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাড. নুরুল আমিন খান আকাশের পরিচালনায় সমাবেশে শুভেচ্ছা বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুনির চৌধুরী, চাঁদপুর সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আফজাল হোসেন বেপারী, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, হাইমচর উপজেলা যুবদলের আহ্বায়ক জহিরুল ইসলাম জহির, শাহরাস্তি উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহেদুর হক মজুমদার ও কচুয়া উপজেলা যুবদলের সভাপতি মহিউদ্দিন মজুমদার প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী ও ফেরদৌস আলম বাবু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. হারুনুর রশীদ, সাংগঠনিক সম্পাদক শরীফ উদ্দিন পলাশ, পৌর যুবদলের আহ্বায়ক শাহাজাহান কবির খোকা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল রাজ্জাক হাওলাদার, চাঁদপুর সদর উপজেলা যুবদলের আহ্বায়ক নজরুল ইসলাম খান নজু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান খান কাজলসহ জেলা, পৌর, সদর উপজেলা ও বিভিন্ন উপজেলা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সমাবেশের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কচুয়া উপজেলা যুবদলের সভাপতি মহিউদ্দিন মজুমদার।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন