প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ । ৭:৫৪ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

হত্যাকাণ্ডের বিচার ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে হাজীগঞ্জে ‘মার্চ ফর ইনসাফ’

নিজস্ব প্রতিনিধি

দেশে আলোচিত হত্যাকাণ্ডগুলোর বিচার, জুলাই সনদ বাস্তবায়ন এবং গণভোটের রায় কার্যকরের দাবিতে চাঁদপুরের হাজীগঞ্জে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি পালন করেছে ইনকিলাব মঞ্চ। কর্মসূচিতে স্বরাষ্ট্রমন্ত্রীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে বক্তব্য দিয়েছেন সংগঠনটির আহ্বায়ক আব্দুল্লাহ আল জাবের।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে হাজীগঞ্জ বাজারে আয়োজিত মিছিল ও সমাবেশে বক্তব্য দেন তিনি। এ সময় দেশে একের পর এক হত্যাকাণ্ডের ঘটনা ঘটলেও স্বরাষ্ট্রমন্ত্রীর নীরব ভূমিকা রয়েছে বলে সমালোচনা করেন জাবের।

সমাবেশে আব্দুল্লাহ আল জাবের বলেন, দেশে ধারাবাহিকভাবে হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে, অথচ স্বরাষ্ট্রমন্ত্রীর ভূমিকা নিয়ে প্রশ্ন রয়েছে। এ পরিস্থিতিতে আগামীকাল ‘স্বরাষ্ট্রমন্ত্রী নিখোঁজ হয়েছেন’ মর্মে দেশের প্রতিটি এলাকায় মাইকিং করা হতে পারে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

কর্মসূচিতে উসমান হাদীর হত্যার বিচার, জুলাই সনদ বাস্তবায়ন এবং জুলাই গণহত্যা, পিলখানা ও শাপলা চত্বরের হত্যাকাণ্ডের বিচারের দাবি জানানো হয়।

গণভোটের প্রসঙ্গ তুলে ইনকিলাব মঞ্চের এই নেতা বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছিলেন। কিন্তু এখন আবার গণভোটের বিপক্ষে অবস্থান নেওয়া হচ্ছে। জনগণ গণভোটে ‘হ্যাঁ’ ভোটকে বিজয়ী করেছে উল্লেখ করে তিনি বলেন, জনগণের রায় পছন্দ হোক বা না হোক, তা বাস্তবায়ন করতে হবে।

এদিকে, ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির অংশ হিসেবে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা হাজীগঞ্জ বাজার থেকে একটি মিছিল বের করেন। মিছিলটি দোয়াভাঙ্গা, মহামায়া, বাবুরহাট ও ওয়ারলেস বাজার প্রদক্ষিণ করে। পরে চাঁদপুর শহরের বাসস্ট্যান্ড ও শহীদ মিনার চত্বরেও মিছিল করেন তাঁরা।

মিছিল চলাকালে নেতাকর্মীরা ‘বাংলাদেশের আজাদি, উসমান হাদী’, ‘তুমি কে, আমি কে—হাদী, হাদী’ এবং ‘আমার ভাই কবরে, খুনি কেন ভারতে’সহ বিভিন্ন স্লোগান দেন।

কর্মসূচি থেকে বক্তারা আলোচিত হত্যাকাণ্ডগুলোর বিচার নিশ্চিত করা, জুলাই সনদ বাস্তবায়ন এবং গণভোটের রায় কার্যকরের দাবি জানান।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন