প্রকাশের সময়: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬ । ৩:০৮ পিএম প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

হাজীগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় প্রা’ণ গেল বাইসাইকেল চালকের

নিজস্ব প্রতিনিধি

চাঁদপুরের হাজীগঞ্জে মোটরসাইকেল ও বাইসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. তরিক (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার রাজারগাঁও ইউনিয়নের মেনাপুর বাদশা মিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তরিক পাশের মতলব দক্ষিণ উপজেলার ডিঙ্গাভাঙ্গা গ্রামের লিয়াকত আলীর ছেলে।

স্থানীয় বাসিন্দা রফিকুল ইসলাম জানান, মঙ্গলবার সকালে মেনাপুর বাদশা মিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির মোটরসাইকেলের সঙ্গে তরিকের বাইসাইকেলের সংঘর্ষ হয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই জ্ঞান হারান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর মোটরসাইকেল চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক পংকজ জানান, সড়ক দুর্ঘটনায় আহত ওই যুবককে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছে।

রাজারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে হাজীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

হাজীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাজিব শর্মা বলেন, এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো অভিযোগ করা হয়নি। মরদেহ চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে। অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন