বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ডের চাঁদপুর জেলা কমিটি গঠন সম্পন্ন হয়েছে। এতে চাঁদপুর সদর উপজেলার ওয়ারলেস মাদ্রাসার মুহতামিম মাওলানা আল আমিনকে সভাপতি এবং মাওলানা আবুল হাসানাতকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে। একই সঙ্গে ১৫ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ও ছয় সদস্যবিশিষ্ট উপদেষ্টা কমিটি গঠন করা হয়।
সম্প্রতি জামিয়া ইসলামিয়া ফজলুল উলুম, ওয়ারলেস মাদ্রাসায় জেলার বিভিন্ন মাদ্রাসার প্রতিনিধিদের অংশগ্রহণে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ডের সিনিয়র পরিদর্শক মাওলানা হাবীবুল্লাহ আশরাফী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোর্ডের সাংগঠনিক কর্মকর্তা মাওলানা ইব্রাহিম মৃধা।
এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ মুজাহিদ কমিটির চাঁদপুর জেলা সদর মাওলানা নুরুল আমিন জেহাদী, ইমাম কাম-অডিটর মাওলানা মো. জোবায়েরসহ জেলার বিভিন্ন মাদ্রাসার প্রতিনিধিরা।
সভায় নবগঠিত কমিটির সহসভাপতি হিসেবে মাওলানা রফিকুল ইসলামকে মনোনীত করা হয়। কমিটির অন্যান্য পদ-পদবি পরবর্তী অনুষ্ঠানে নির্ধারণ করা হবে বলে সভায় সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় বক্তারা বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ডের শিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করেন। এ লক্ষ্যে বোর্ডের নির্ধারিত সিলেবাস বাস্তবায়ন, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং কেন্দ্রীয় বোর্ড পরীক্ষায় অধিকসংখ্যক মাদ্রাসার অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভাপতির বক্তব্যে মাওলানা হাবীবুল্লাহ আশরাফী বলেন, বোর্ডের শিক্ষা কার্যক্রমকে সুশৃঙ্খল ও গতিশীল করতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় বৃদ্ধি, নির্ধারিত সিলেবাস বাস্তবায়ন এবং কেন্দ্রীয় পরীক্ষায় অংশগ্রহণের বিষয়ে সবাইকে আন্তরিক ভূমিকা পালন করতে হবে।
উল্লেখ্য, চাঁদপুর জেলায় বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ডের অধীনে প্রায় দুই শতাধিক নিবন্ধিত কওমি মাদ্রাসা রয়েছে। নবগঠিত জেলা কমিটি এসব মাদ্রাসার শিক্ষা কার্যক্রমের উন্নয়ন, পারস্পরিক সমন্বয় এবং বোর্ডের সাংগঠনিক কার্যক্রমকে আরও বেগবান করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।

নিজস্ব প্রতিনিধি