স্ত্রী-সন্তান ও বাবা-মায়ের স্বপ্ন পূরণে প্রবাসে যাওয়ার প্রস্তুতি প্রায় শেষ। আগামী ১৫ নভেম্বর কাতারের উদ্দেশে দেশ ছাড়ার কথা ছিল ৩২ বছর বয়সী মো. তরিকের। পরিবারের আশা ছিল, প্রবাসে উপার্জন করে একদিন সুখের মুখ দেখাবেন তিনি। কিন্তু সেই স্বপ্ন পূরণের আগেই সড়ক দুর্ঘটনায় নিভে গেল তাঁর জীবনপ্রদীপ।
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ হারিয়েছেন তরিক (৩২) নামের ওই যুবক। মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার রাজারগাঁও ইউনিয়নের মেনাপুর বাদশা মিয়া বালিকা উচ্চবিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তরিক মতলব দক্ষিণ উপজেলার ডিঙ্গাভাঙ্গা গ্রামের লিয়াকত আলীর ছেলে।
স্থানীয় বাসিন্দা ও পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে নিজ বাড়ি থেকে বাইসাইকেল চালিয়ে হাজীগঞ্জ উপজেলার মেনাপুর গ্রামে মামাশ্বশুরের বাড়িতে যাচ্ছিলেন তরিক। পথে মেনাপুর বাদশা মিয়া বালিকা উচ্চবিদ্যালয়ের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির মোটরসাইকেল তাঁকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান।
পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার পর মোটরসাইকেলচালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে তাঁর পরিচয় পাওয়া গেছে। তিনি মোস্তাফিজুর রহমান (২২)। তাঁর বাবার নাম বাবুল প্রধানিয়া এবং মায়ের নাম শাহিনুর বেগম। তাঁর বাড়ি মকুন্দশার গ্রামে।
চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক পংকজ জানান, ওই যুবককে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছে।
নিহতের পারিবারিক সূত্র জানায়, চলতি মাসের ১৫ নভেম্বর কাতার যাওয়ার কথা ছিল তরিকের। বিদেশ যাওয়ার প্রয়োজনীয় প্রস্তুতিও প্রায় শেষ হয়েছিল। তাঁকে ঘিরে স্ত্রী-সন্তান ও বৃদ্ধ বাবা-মায়ের অনেক স্বপ্ন ছিল। পরিবারের অভাব ঘুচিয়ে একটি সুন্দর ভবিষ্যৎ গড়ার আশায় বুক বেঁধেছিলেন স্বজনেরা।
কিন্তু কাতার যাওয়ার মাত্র ১২ দিন আগে একটি দুর্ঘটনা কেড়ে নিল তরিকের প্রাণ। পরিবারের সেই স্বপ্ন এখন শুধুই হাহাকার। প্রিয়জনকে হারিয়ে স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে পরিবেশ। তরিকের মৃত্যুতে পরিবার-পরিজন ছাড়াও পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিজস্ব প্রতিনিধি