চাঁদপুরের ফরিদগঞ্জে নাশকতা বিরোধী বিশেষ অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের ৮ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
শনিবার (৭ নভেম্বর ২০২৬) রাতে চাঁদপুর জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমানের বিশেষ নির্দেশনায় এবং ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এরশাদ উল্ল্যাহর সার্বিক পরিচালনায় উপজেলার বিভিন্ন ইউনিয়নে এই সাঁড়াশি অভিযান পরিচালিত হয়।
গ্রেফতারকৃতরা হলেন-উপজেলা আওয়ামী লীগ নেতা ও বালিথুবা পূর্ব ইউনিয়নের মো. খালেদ খাঁন (৪৩), সুবিদপুর পূর্ব ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাকির খাঁন বাবু (৫০), একই ইউনিয়নের আওয়ামী লীগ নেতা হেফজুল বারী মোল্লা (৪৮), চরদুঃখিয়া পূর্ব ইউনিয়নের সাবেক ছাত্রলীগ নেতা মো. সোহাগ হোসেন (৩৮), রূপসা দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মো. রহমত উল্যা ভূঁইয়া (৫৫), রূপসা উত্তর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আনোয়ার হোসেন মানিক (৪৬), ছাত্রলীগ নেতা আরাফাত হোসেন শান্ত (২৭) এবং ফরিদগঞ্জ পৌর ছাত্রলীগ নেতা মো. আছিবুর রহমান হৃদয় (২৮)।
পুলিশ সূত্রে জানা যায়, সীমান্তবর্তী ও সংবেদনশীল বিভিন্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে এই আটজনকে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে নিয়মিত মামলা দায়ের করে রবিবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এরশাদ উল্ল্যাহ জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রাখতে এবং যেকোনো ধরনের গোপন নাশকতা ও অপ্রীতিকর ঘটনা ঠেকাতে আমাদের এই বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। অপরাধীদের আইনের আওতায় আনতে এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সবসময় কঠোর ও সতর্ক অবস্থানে রয়েছে।

এস. এম ইকবাল