ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি)-এর ঢাকা কেন্দ্রের ২০২৭–২০২৮ মেয়াদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন অধ্যাপক ড. প্রকৌশলী মো. মনিরুল ইসলাম। তিনি চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বিলওয়াই গ্রামের কৃতী সন্তান।
বৃহস্পতিবার (১২ তারিখ ) ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে অনুষ্ঠিত আইইবির নির্বাচনে তিনি এ পদে নির্বাচিত হন। আগামী দুই বছর তিনি ঢাকা কেন্দ্রের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন। বিষয়টি এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি) কর্তৃপক্ষ।
অধ্যাপক মনিরুল ইসলাম বর্তমানে আইইউবিএটির সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ও চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি বিশ্ববিদ্যালয়টির কলেজ অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির ডিন হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
একজন অভিজ্ঞ শিক্ষাবিদ ও প্রকৌশলীর আইইবির মতো দেশের বৃহৎ পেশাজীবী সংগঠনের ঢাকা কেন্দ্রের নেতৃত্বে আসাকে বিশ্ববিদ্যালয়টির জন্য তাৎপর্যপূর্ণ অর্জন হিসেবে উল্লেখ করেছে আইইউবিএটি কর্তৃপক্ষ।
এদিকে হাজীগঞ্জের বিলওয়াই গ্রামের সন্তান অধ্যাপক মনিরুল ইসলাম আইইবির ঢাকা কেন্দ্রের চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় তাঁর নিজ এলাকা হাজীগঞ্জের মানুষের মধ্যেও আনন্দ ও গর্বের অনুভূতি তৈরি হয়েছে। তাঁর এ অর্জনকে হাজীগঞ্জের জন্যও গৌরবের বিষয় হিসেবে দেখছেন স্থানীয়রা।

নিজস্ব প্রতিনিধি