প্রকাশের সময়: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬ । ৯:০২ পিএম প্রিন্ট এর তারিখঃ শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

দেশে দিন দিন ডায়াবেটিস রোগীর সংখ্যা উদ্বেগজনক হারে বাড়ছে : চাঁদপুর জেলা প্রশাসক

নিজস্ব প্রতিনিধি
“ডায়াবেটিসে দেরি নয়-ব্যবস্থা নিন এখনই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁদপুর ডায়াবেটিক সমিতির আয়োজনে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১৪ নভেম্বর (শনিবার) সকাল ১০টায় চাঁদপুর ডায়াবেটিক হাসপাতালের স্বাস্থ্য প্রশিক্ষণ কক্ষে আলেচনা সভা অনুষ্ঠিত হয়।
​আলোচনা সভার পূর্বে সকাল সাড়ে ৯টায় চাঁদপুর ডায়াবেটিক হাসপাতাল প্রাঙ্গণ থেকে অতিথিবৃন্দ ও হাসপাতালের কর্মকর্তা-কর্মচারী এবং সকল সদস্যদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে স্কাউট সদস্যদের বাদকদের তালে তালে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা (রোড শো) বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় হাসপাতালে এসে শেষ হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে দিবসের সচেতনতামূলক রোড শো’র নেতৃত্ব দেন ও প্রধান অতিথির বক্তব্য দেন চাঁদপুর জেলা প্রশাসক ও চাডাস এর সভাপতি আহমেদ জিয়াউর রহমান।
চাঁদপুর ডায়াবেটিক হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা মো. ইকবাল আজমের পরিচালনায় অনুষ্ঠানে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন স্বাস্থ্য ও পুষ্টি প্রশিক্ষক মো. জাকির হোসেন।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন চাঁদপুর ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. শায়ের গফুর।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর পুলিশ সুপারের প্রতিনিধি অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. খায়রুল কবীর, চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এ কে এম মাহাবুবুর রহমান।  প্রতিপাদ্য বিষয়ের ওপর খাদ্য ব্যবস্থাপনা নিয়ে গুরুত্বপূর্ণ উপস্থাপন করেন পুষ্টিবিদ মো. মাজহারুল হক চৌধুরী।
​চাঁদপুর ডায়াবেটিক সমিতির সহ-সভাপতি ও সিভিল সার্জন ডা. মোহাম্মদ নূর আলম দীনের সভাপতিত্বে বক্তব্য রাখেন চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি ও চাঁদপুর ডায়াবেটিক সমিতির আজীবন সদস্য সোহেল রুশদী, প্রতিষ্ঠাতা সদস্য চাঁদপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি সুভাষ চন্দ্র রায়, পরিচালনা পর্ষদ সদস্য ডা. বিশ্বনাথ পোদ্দার, আজীবন সদস্য ডা. মাঈনুল হোসেন মজুমদার, শিশু বিশেষজ্ঞ ডা. গফুর মিয়া, বীর মুক্তিযোদ্ধা আবু তাহের মাস্টার, রোটারিয়ান মাহমুদা খানম, প্রথম আলোর জেলা প্রতিনিধি আলম পলাশ, চাঁদপুর মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. সাইফুল ইসলাম সোহেল, আজীবন সদস্য  অ্যাডভোকেট কামাল উদ্দিন এবং মজিবুর রহমান ফরহাদ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ও চাঁদপুর ডায়াবেটিস সমিতির সভাপতি আহমেদ জিয়াউর রহমান বলেন, দেশে দিন দিন ডায়াবেটিস রোগীর সংখ্যা উদ্বেগজনক হারে বাড়ছে। বিশ্বে ডায়াবেটিস রোগীর সংখ্যার দিক থেকে বাংলাদেশের অবস্থান সপ্তম। তবে উদ্বেগের বিষয় হলো, তালিকার ওপরের দিকে থাকা অন্য দেশগুলোর জনসংখ্যা বাংলাদেশের তুলনায় অনেক বেশি। কায়িক শ্রম কমে যাওয়া, জীবনযাত্রার পরিবর্তন এবং কৃষিকাজে শ্রমিকের স্বল্পতার কারণে গ্রামীণ অঞ্চলেও ডায়াবেটিসের প্রকোপ বাড়ছে। ডায়াবেটিস কোনো ছোঁয়াচে রোগ নয় এবং সঠিক সচেতনতা ও জীবনযাপন পদ্ধতি পরিবর্তনের মাধ্যমে এটি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখা সম্ভব।
​ডায়াবেটিস রোগীদের সেবার মান বাড়াতে এবং জনসচেতনতা তৈরিতে বেশ কিছু গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দিয়েছেন জেলা প্রশাসক: ​প্রি-মেডিকেল ক্যাম্পের পরিধি বৃদ্ধি: শুধু নির্দিষ্ট স্থানে নয়, বরং ক্যাম্পের বাইরে গিয়ে নিয়মিত প্রি-মেডিকেল ক্যাম্প পরিচালনার ওপর গুরুত্ব দেওয়া, যাতে আরও বেশি মানুষকে সেবার আওতায় আনা যায়। ​সংগঠনগুলোর পুনর্গঠন: জেলা ক্রীড়া সংস্থা, মহিলা ক্রীড়া সংস্থা, চাঁদপুর ক্লাব, শিল্পকলা একাডেমি ও ডায়াবেটিস হাসপাতালের দীর্ঘদিন ধরে কমিটি না থাকায় হতাশা প্রকাশ করে দ্রুত সময়ের মধ্যে এসব সংগঠনের নতুন কমিটি গঠনের ঘোষণা দেন।​এনএইচএস (NHS) এর আদলে মডেল তৈরি: লাইফটাইম সদস্যদের নিয়মিত ব্লাড প্রেশার ও ব্লাড সুগার মনিটরিংয়ের সুবিধার্থে উন্নত বিশ্বের মতো একটি মডেল চালুর কথা ভাবা হচ্ছে।
​মেডিকেল ক্যাম্পের ফ্রিকোয়েন্সি বাড়ানো: ঢাকার চিকিৎসকদের নিয়ে বছরে অন্তত একবারের পরিবর্তে বছরে একাধিকবার বিশেষজ্ঞ মেডিকেল ক্যাম্প আয়োজনের উদ্যোগ নেওয়া হবে।​চিকিৎসাসেবা ও অন্যান্য সুযোগ-সুবিধা: ডায়াবেটিস হাসপাতালে ইনডোর ফ্যাসিলিটিজ, নিয়মিত চিকিৎসক, ওয়ার্ড বয়, ফিজিওথেরাপি, লিফট এবং ফুড কেয়ারের ওপর বিশেষ নজর দেওয়ার কথা বলেন।
​কিডনি ফাউন্ডেশন ও মেডিকেল কলেজ স্থাপন: ডায়াবেটিস হাসপাতালের উদ্যোগে একটি ‘কিডনি ফাউন্ডেশন’ প্রতিষ্ঠার ওপর বিশেষ জোর দিয়ে এ বিষয়ে চিকিৎসক ও ব্যবসায়ীদের উদ্যোগী হওয়ার আহ্বান জানান। এছাড়া বারিধারার অ্যাফিলিয়েটেড ডায়াবেটিস হাসপাতালের আদলে এখানেও মেডিকেল কলেজ প্রতিষ্ঠার বিষয়টি বিবেচনায় রয়েছে বলে জানান তিনি।
​জেলা প্রশাসক স্পষ্ট করে বলেন, ডায়াবেটিস হাসপাতাল একটি সেবামূলক প্রতিষ্ঠান, কোনো ব্যবসা প্রতিষ্ঠান নয়। এর ব্যবস্থাপনার দায়িত্বে যারা আছেন, তাদের সবসময় এই মানসিকতা বজায় রাখতে হবে। অতীতে ঘটে যাওয়া অনিয়মগুলো ভবিষ্যতে যাতে আর না ঘটে, সে বিষয়ে কঠোর নজরদারি থাকবে বলে তিনি হুঁশিয়ার করেন।
​অনুষ্ঠানে উপস্থিত সকলের সম্মিলিত প্রচেষ্টায় ডায়াবেটিস হাসপাতালকে আরও অধিকতর সক্রিয় ও গতিশীল করার আশাবাদ ব্যক্ত করে তিনি বক্তব্য শেষ করেন।
​অন্যান্য বক্তারা ডায়াবেটিস প্রতিরোধে জনসচেতনতামূলক ক্যাম্প পরিচালনা, মেডিকেল ক্যাম্পের পরিধি বৃদ্ধি, জীবনযাত্রার মান উন্নত করা এবং সাধারণ মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দেওয়ার ওপর বিভিন্ন দিকনির্দেশনামূলক মতামত তুলে ধরেন। অনুষ্ঠান শেষে চাঁদপুর ডায়াবেটিক হাসপাতালকে একটি সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে আরও যুগোপযোগী ও জনকল্যাণমুখী করে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন