প্রকাশের সময়: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬ । ৯:২১ পিএম প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩

শাহরাস্তিতে যানজট ও ফুটপাত দখলরোধে প্রশাসনের অভিযানে জরিমানা

মো. মাসুদ রানা
শাহরাস্তিতে পৌর শহরেরর ২ টি বাজারের যানজট নিরসন ও পথচারীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে পৃথক অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।
গত ২ দিনের অভিযানে পৌরসভার ঠাকুর বাজারে ট্রাক রেখে যানজট সৃষ্টির দায়ে এক ব্যবসায়ীকে ২ হাজার টাকা এবং কালীবাড়ী বাজারে ফুটপাত দখল করে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে তিন ব্যবসায়ীকে পৃথক তিন মামলায় জরিমানা করা হয়েছে। দুই দিনের অভিযানে মোট ৪ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১৬ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে স্থানীয় এলাকাবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে শাহরাস্তি পৌরসভার ঠাকুর বাজারে অভিযান পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী অফিসার  (ইউএনও) মনিরা খাতুনের নির্দেশনায় অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান।
অভিযান সূত্রে জানা যায়, ঠাকুর বাজারে বিক্রির উদ্দেশ্যে বিভিন্ন মালামাল নিয়ে আসা ট্রাক থেকে পণ্য লোড-আনলোডের জন্য নির্ধারিত সময় বেঁধে দেওয়া হয়েছিল। কিন্তু সেই নির্দেশনা অমান্য করে নির্ধারিত সময়ের বাইরে ট্রাক রেখে বাজারের সড়কে দীর্ঘ যানজট সৃষ্টি করা হয়।
অভিযোগের সত্যতা পাওয়ায় সংশ্লিষ্ট দোকানমালিকের পক্ষের অভিযুক্ত ব্যক্তি নিজের দোষ স্বীকার করেন। পরে সড়ক পরিবহন আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় ভ্রাম্যমাণ আদালত তাঁকে ২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।
এর আগে রোববার (১৫ নভেম্বর) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত পৌরসভার কালীবাড়ী বাজার এলাকায় ফুটপাত দখলমুক্ত করতে অভিযান পরিচালনা করা হয়।
স্থানীয় এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে ইউএনও মনিরা খাতুনের নির্দেশনায় এবং সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
এ সময় সরকারি রাস্তা ও ফুটপাত দখল করে ব্যবসাপ্রতিষ্ঠানের মালামাল রেখে পথচারীদের চলাচলে বাধা সৃষ্টির অভিযোগের সত্যতা পাওয়া যায়। এর আগে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের অবৈধভাবে রাখা মালামাল ও স্থাপনা সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হলেও তা অমান্য করে পুনরায় ফুটপাত দখল করা হয়। পরে স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯-এর ১০৯ ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় তিন ব্যবসায়ীর বিরুদ্ধে পৃথক তিনটি মামলায় অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযানকালে ফুটপাত দখল করে বহুতল ভবন নির্মাণসামগ্রীসহ বিভিন্ন মালামাল না রাখার জন্য সংশ্লিষ্টদের কঠোরভাবে সতর্ক করা হয়। অন্যথায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় উপজেলা প্রশাসন।
উভয় অভিযানে উপজেলা আনসার সদস্যরা সার্বিক সহযোগিতা করেন। জনস্বার্থে বাজারের যানজট নিরসন, সড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখা এবং জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে প্রশাসন জানিয়েছে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন