প্রকাশের সময়: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬ । ৯:৩২ পিএম প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩

শাহরাস্তি ঠাকুর বাজারে চিংড়ি মাছে জেলি পুশ, ব্যবসায়ীকে জরিমানা

মো. মাসুদ রানা
শাহরাস্তিতে চিংড়ি মাছের ওজন বাড়াতে জেলি ব্যবহার করে বিক্রির অভিযোগের সত্যতা পাওয়ায় এক মাছ ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১৬ নভেম্বর) উপজেলার ঠাকুর বাজারে স্থানীয় এলাকাবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনিরা খাতুনের সার্বিক দিকনির্দেশনায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান।অভিযানকালে চিংড়ি মাছের মধ্যে জেলি পুশ করে বিক্রির অভিযোগের সত্যতা পাওয়া যায়।
এ সময় হাজীগঞ্জ উপজেলার লাউকরা গ্রামের অভিযুক্ত ব্যবসায়ী মোঃ ইউসুফ (৪৫) নিজের অপরাধ স্বীকার করেন। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪১ ধারায় অপরাধের দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান।
এদিকে একই দিন উপজেলা নির্বাহী অফিসার মনিরা খাতুনের নির্দেশনায় ঠাকুর বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের ওজন পরিমাপের যন্ত্রপাতি পরিদর্শন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান। এ সময় নিত্যপ্রয়োজনীয় পণ্য নির্ধারিত দামে বিক্রির জন্য বাজারের সকল ব্যবসায়ীর প্রতি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিশেষ আহ্বান জানানো হয়।
অভিযানকালে সহকারী কমিশনার (ভূমি) সামছুজ্জামান বলেন, জনস্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে খাদ্যে ভেজাল এবং ভোক্তাদের সঙ্গে প্রতারণার বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।
খাদ্যপণ্যে এ ধরনের অনিয়ম কোনোভাবেই বরদাশত করা হবে না। জনস্বার্থে এ ধরনের অপরাধের তথ্য প্রশাসনকে জানানোর জন্য তিনি স্থানীয় এলাকাবাসীর প্রতি আহ্বান জানান।
অভিযানে সার্বিক সহযোগিতা করেন উপজেলা আনসার সদস্যরা।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন