প্রকাশের সময়: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬ । ১১:০২ পিএম প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩

কচুয়ায় বসতঘরের তালা ভেঙে নগদ টাকা ও স্বর্ণালংকার চুরি, থানায় অভিযোগ

মোঃ রাছেল, কচুয়া

চাঁদপুরের কচুয়ায় বসতঘরের দরজার তালা ভেঙে নগদ ৭০ হাজার টাকা, ৩ ভরি স্বর্ণালংকার ও প্রয়োজনীয় কাগজপত্র এবং মূল্যবান মালামাল চুরির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী আবুল কাশেম কচুয়া থানায় বাদী হয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে উপজেলার ৭নং দক্ষিণ কচুয়া ইউনিয়নের কাজকামতা গ্রামের বকাউল বাড়িতে এ চুরির ঘটনা ঘটে।

অভিযোগ সূত্রে জানা যায়, আবুল কাশেম ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের কচুয়া শাখায় চাকরি করেন। তিনি তাঁর মা ও পরিবারের সদস্যদের নিয়ে বসবাস করেন। তাঁর ভাই বাংলাদেশ আনসারে কর্মরত। কয়েক দিন আগে ভাইয়ের স্ত্রী বাবার বাড়িতে বেড়াতে যাওয়ায় বাড়িতে আবুল কাশেম ও তাঁর মা অবস্থান করছিলেন। সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যা ৫টার দিকে দক্ষিণ ভিটির টিনের ঘরের দরজা-জানালা বন্ধ করে তালা লাগিয়ে দেন তাঁরা। পরে রাতের খাবার শেষে বাড়ির উত্তর ভিটির ঘরে মা-ছেলে ঘুমিয়ে পড়েন।

পরদিন মঙ্গলবার সকাল ৭টার দিকে আবুল কাশেমের মা দক্ষিণ ভিটির ঘরের দরজা খুলতে গিয়ে দেখতে পান, দরজার তালা ভাঙা। ঘরের ভেতরে থাকা স্টিলের আলমারির দরজা খোলা এবং কাপড়চোপড়সহ বিভিন্ন মালামাল এলোমেলো অবস্থায় পড়ে রয়েছে। ঘরে থাকা নগদ ৭০ হাজার টাকা, প্রায় ৩ ভরি ওজনের স্বর্ণালংকার, যার আনুমানিক মূল্য ৭ লাখ টাকা এবং প্রায় ২০ হাজার টাকা মূল্যের ক্রোকারিজ সামগ্রী চুরি হয়েছে। এ ছাড়া জমির দলিলসহ প্রয়োজনীয় মূল্যবান কাগজপত্রও খুঁজে পাওয়া যাচ্ছে না বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ভুক্তভোগী আবুল কাশেম বলেন,  সোমবার রাত ১০টা থেকে মঙ্গলবার সকাল ৭টার মধ্যে যেকোনো সময় অজ্ঞাতনামা চোরেরা ঘরের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে সব মালামাল চুরি করে নিয়ে যায়। ঘটনার পর মা বিষয়টি মোবাইল ফোনে তাঁকে ও পরিবারের অন্য সদস্যদের জানান।  আমি প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কাছে ন্যায় বিচার দাবি করছি‌‌।

ভুক্তভোগীর মা শাহানারা বেগম জানান, অজ্ঞাতনামা চোরেরা রাতের কোনো একসময় ঘরের দরজার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে ভেঙে নগদ ৭০ হাজার টাকা, ৩ ভরি স্বর্ণালংকার ও মূল্যবান মালামাল চুরি করে নিয়ে যায়।  এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে চুরি যাওয়া মালামাল উদ্ধারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের সহযোগিতা চেয়েছেন।

পুত্রবধু কুলছুমা বেগম বলেন, গত তিন দিন আগে আমি বাপের বাড়িতে বেড়াতে যাই। আজ সকাল ৭টায় শাশুড়ি ফোন করে জানান ঘরে চুরি হয়েছে। এসে দেখি ঘরের সব তোর চক্র তছনছ করে নিয়ে যায় । আমার বিয়ে হয়েছে আট বছর এই পর্যন্ত তিনবার চুরি হয়েছ। এবারের চুরিতে আমার ৩ ভরি স্বর্ণ ও স্বামীর বাইক কেনার জন্য জমানো ৭০ হাজার টাকা নিয়ে গেছে। বর্তমানে আমরা চরম নিরাপত্তাহীনতায় আছি।

স্থানীয় বাসিন্দারা জানান, বসতঘরের তালা ভেঙে এভাবে নগদ টাকা ও স্বর্ণালংকার চুরির ঘটনায় এলাকায় উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। দিনের বেলায় স্বাভাবিক পরিবেশ থাকলেও রাতের অন্ধকারে চুরির ঘটনা ঘটায় এলাকাবাসীর মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে।

এ বিষয়ে কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আজিজুল ইসলাম আকাশ জানান, অভিযোগ পেয়েছি এবং তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন