শাহরাস্তিতে বাংলাদেশ জমিয়তে হিজবুল্লাহর উদ্যোগে ইছালে ছাওয়াব মাহফিল ও সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। ছারছীনা শরীফের পীর ছাহেব কেবলার উপস্থিতিতে ধর্মীয় ভাবগাম্ভীর্য, ওয়াজ-নসিহত ও বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে ইসলামিক এই জলসা সম্পন্ন হয়।
গত সোমবার (১৬ নভেম্বর) রাতে উপজেলার সূচিপাড়া উত্তর ইউপির দৈকামতা দারুচ্ছুন্নাত ছালেহিয়া দীনিয়া মাদরাসা প্রাঙ্গণে এ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন আমীরে হিজবুল্লাহ, আমীরে শরিয়ত ও আমীরে তরীকত, ছারছীনা শরীফের পীর ছাহেব কেবলা আলহাজ্ব হযরত মাওলানা মুফতী শাহ আবু নছর নেছারুদ্দীন আহমাদ হোসাইন (মা.জি.আ.)।
দৈকামতা দারুসুন্নাত দ্বীনিয়া হাফেজিয়া লিল্লাহ বোর্ডিং কমপ্লেক্সের উদ্যোগে মরহুম আলী আশরাফ পাটোয়ারী সাহেবের ১৮তম ইছালে ছাওয়াব উপলক্ষে মাদরাসার বার্ষিক মাহফিল হিসেবেও এ আয়োজন করা হয়। বাদ জোহর শুরু হয়ে রাত ৮টা পর্যন্ত মাহফিল চলে। এতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি, আলেম-ওলামা ও পীর ছাহেব কেবলার ভক্ত-অনুরাগীরা অংশগ্রহণ করেন।
মাহফিলে প্রধান মেহমানের গুরুত্বপূর্ণ ওয়াজ ও নসিহতে দ্বীনি শিক্ষার প্রসার, ইসলামী আদর্শ ও নৈতিক মূল্যবোধের চর্চা এবং ব্যক্তিগত ও সামাজিক জীবনে ধর্মীয় অনুশাসন অনুসরণের ওপর গুরুত্বারোপ করা হয়। পবিত্র কোরআন ও সুন্নাহর আলোকে জীবন পরিচালনা, আত্মশুদ্ধি, আমল-আখলাকের উন্নয়ন এবং পারস্পরিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদার করার আহ্বান জানানো হয়। ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তির জন্য ধর্মীয় অনুশাসন মেনে চলারও তাগিদ দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জমিয়তে হিজবুল্লাহ চাঁদপুর জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা সাইফুদ্দিন খন্দকার, জমিয়তে হিজবুল্লাহ শাহরাস্তি উপজেলা শাখার আবু বকর সিদ্দিক, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. হাবিবুর রহমান পাটোয়ারী, মাওলানা ইব্রাহিম খলিল পাটোয়ারী, মাওলানা নেছার আহমেদ, মাওলানা ইয়াছিন পাটোয়ারী, হাজী হারুনুর রশীদ ও হাজী আলী আজগরসহ স্থানীয় আলেম-ওলামা, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ধর্মপ্রাণ মুসল্লিরা।
আয়োজকরা জানান, ছারছীনা শরীফের পীর ছাহেব কেবলার শুভাগমন উপলক্ষে এ মাহফিলের আয়োজন করা হয়। ইছালে ছাওয়াবের মাধ্যমে মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং ধর্মপ্রাণ মানুষের মধ্যে দ্বীনি চেতনা, ইসলামী মূল্যবোধ ও আত্মশুদ্ধির অনুপ্রেরণা ছড়িয়ে দেওয়াই ছিল আয়োজনের অন্যতম উদ্দেশ্য।
বাংলাদেশ জমিয়তে হিজবুল্লাহ শাহরাস্তি উপজেলা শাখার সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত মাহফিলের শেষ পর্যায়ে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতের মধ্য দিয়ে মাহফিলের সমাপ্তি ঘটে।

মোঃ মাসুদ রানা