ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের নবগঠিত কেন্দ্রীয় উপকমিটিতে সদস্য হিসেবে স্থান পেয়েছেন চাঁদপুরের কচুয়া উপজেলার কৃতী সন্তান, সমাজসেবী ও বিশিষ্ট ব্যবসায়ী রবিউল ইসলাম রুবেল। সংগঠনের ৩৩ সদস্যবিশিষ্ট এই উপকমিটিতে তিনি ১৯ নম্বর সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন।
গত ১৪ নভেম্বর শনিবার রাজধানীর পল্টন মোড়ের ৩১/এফ ভূঁইয়া টাওয়ারের ডিসিসি হলে নবগঠিত কেন্দ্রীয় উপকমিটির ঘোষণা ও শপথগ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি মুফতি মানসুর আহমদ সাকী উপকমিটির সদস্যদের নাম ঘোষণা করেন এবং তাঁদের শপথবাক্য পাঠ করান।
নতুন দায়িত্ব পাওয়ায় সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন রবিউল ইসলাম রুবেল। তিনি জানান, সংগঠন তাঁর ওপর যে দায়িত্ব অর্পণ করেছে, তা সততা, নিষ্ঠা, আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে পালনের সর্বোচ্চ চেষ্টা করবেন।
তিনি আরও বলেন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের আদর্শ ও লক্ষ্য-উদ্দেশ্য বাস্তবায়নের পাশাপাশি যুবসমাজকে নৈতিকতা, আদর্শিক চেতনা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে কাজ করে যেতে চান। একই সঙ্গে সংগঠনের দফতরভিত্তিক কার্যক্রমকে আরও গতিশীল ও বেগবান করতে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনে সচেষ্ট থাকবেন।
রবিউল ইসলাম রুবেল কচুয়া উপজেলার নোয়াগাঁও গ্রামের চৌধুরী বাড়ির মোহাম্মদ নুরুল ইসলামের ছেলে। তিনি রুবেল টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটের স্বত্বাধিকারী। তাঁর প্রতিষ্ঠান ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বেকার যুবক-যুবতীদের কারিগরি প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে দক্ষ মানবসম্পদ গড়ে তোলা এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে ভূমিকা রাখছে।
ব্যবসায়িক কর্মকাণ্ডের পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছেন। এলাকায় একজন সমাজসেবী ও পরিচিত ব্যক্তিত্ব হিসেবেও তাঁর সুনাম রয়েছে।
কচুয়ার সন্তান রবিউল ইসলাম রুবেলের ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় উপকমিটিতে অন্তর্ভুক্তির খবরে তাঁর নিজ এলাকা, সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও পরিচিতজনদের মধ্যে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে। তাঁরা নতুন দায়িত্ব পালনে তাঁর সফলতা কামনা করেছেন।

আবু সাঈদ, কচুয়া