প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬ । ৭:৪১ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্বৃত্তের দেয়া আগুনে পুড়ল শাহমাহমুদপুর ইউপি’র কম্পিউটার ও গুরুত্বপূর্ণ নথিসহ আসবাবপত্র

মাসুদ হোসেন
চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে গভীর রাতে আগুন দিল দুর্বৃত্তরা। এতে প্রশাসনিক কর্মকর্তার কক্ষের কম্পিউটার, আসবাবপত্রসহ গুরুত্বপূর্ণ বেশ কিছু নথিপত্র পুড়ে গেছে। অগ্নিসংযোগের ঘটনায় আনুমানিক দেড় লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা। বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত পৌনে ১টার দিকে এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে পরিষদের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে অগ্নিসংযোগের বিষয়টি সামনে আসে।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, হেলমেট পরিহিত এক যুবক ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে প্রবেশ করে প্রথমে প্রশাসকের কক্ষের জানালার থাই গ্লাস ভাঙার চেষ্টা করেন। এতে ব্যর্থ হয়ে তিনি প্রশাসনিক কর্মকর্তা বিল্লাল হোসেনের কক্ষের বারান্দার জানালার থাই গ্লাস ভেঙে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। এদিকে পরিষদের নাইট গার্ডের দায়িত্বে থাকা গ্রাম পুলিশ মো. আলী আগুনের বিষয়টি টের পেয়ে স্থানীয়দের সহায়তায় তা নিয়ন্ত্রণে আনেন। তিনি জানান, গভীর রাতে বিকট শব্দ শুনে কক্ষ থেকে বের হয়ে প্রশাসনিক কর্মকর্তার কক্ষে আগুন জ্বলতে দেখেন। পরে আশপাশের লোকজনকে ডেকে এনে সম্মিলিতভাবে আগুন নিয়ন্ত্রণে আনেন। একই সঙ্গে গ্রাম পুলিশের অন্যান্য সদস্যদের বিষয়টি জানিয়ে প্রশাসনিক কর্মকর্তাকে অবহিত করেন।
ঘটনার বিষয়ে শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. বিল্লাল হোসেন প্রিয় চাঁদপুরকে বলেন, খবর পাওয়ার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), প্রশাসক মহোদয় এবং চাঁদপুর সদর মডেল থানা পুলিশকে বিষয়টি জানানো হয়। পরে পুলিশ ও গ্রাম আদালতের চেয়ারম্যান ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি আরও বলেন, হেলমেট পরিহিত থাকায় সিসিটিভি ফুটেজে ওই যুবকের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। অগ্নিকাণ্ডে তাঁর কক্ষের কম্পিউটার, কয়েকটি চেয়ার এবং গুরুত্বপূর্ণ বেশ কিছু নথিপত্র পুড়ে গেছে। এতে আনুমানিক দেড় লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
অন্যদিকে, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তার কক্ষ পরিদর্শন করেছেন চাঁদপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হযরত আলী ঢালী, সহসভাপতি এস এম বাকের খন্দকার, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ও শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি স্বপন মাহমুদ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জুলহাস আহমেদ জুয়েলসহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এ ঘটনায় চাঁদপুর সদর মডেল থানার বক্তব্য জানতে বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে থানার সরকারি নম্বরে যোগাযোগের চেষ্টা করা হলেও সংযোগ না পাওয়ায় অফিসার ইনচার্জের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন