শাহরাস্তিতে সরকারি রাস্তা ও ফুটপাত দখল করে ব্যবসাপ্রতিষ্ঠানের মালামাল রেখে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি এবং ট্রেড লাইসেন্স না থাকায় দুই দিনে পৃথক অভিযানে ৮ ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনিরা খাতুনের নির্দেশনায় পরিচালিত এসব অভিযানে ৮টি মামলায় মোট অর্থদণ্ড দেওয়া হয়।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উপজেলার সূচীপাড়া বাজারে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান। এ সময় সরকারি রাস্তা ও ফুটপাত দখল করে ব্যবসাপ্রতিষ্ঠানের মালামাল রেখে পথচারীদের চলাচলে বাধা সৃষ্টি এবং ট্রেড লাইসেন্স না থাকার অপরাধে ছয় ব্যবসায়ীর বিরুদ্ধে ছয়টি মামলা করা হয়। এসব মামলায় তাঁদের মোট ৮ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।অভিযানকালে সূচীপাড়া বাজারের নবনির্বাচিত কমিটির সভাপতি ও স্থানীয় ব্যবসায়ীদের ফুটপাত এবং রাস্তা দখল না করার বিষয়ে সতর্ক করা হয়। বিশেষ করে ব্যবসাপ্রতিষ্ঠানের মালামাল রাস্তার ওপর
না রাখা এবং সিএনজিচালিত অটোরিকশা রেখে জনসাধারণের চলাচলে বিঘ্ন না ঘটানোর নির্দেশনা দেওয়া হয়।
এর আগে বুধবার (১৮ নভেম্বর) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত শাহরাস্তি পৌরসভার কালীবাড়ি বাজার এলাকায় একই ধরনের অভিযান পরিচালনা করা হয়। সেখানেও সরকারি রাস্তা ও ফুটপাত দখল করে ব্যবসাপ্রতিষ্ঠানের মালামাল রাখার পাশাপাশি পৌরসভার ট্রেড লাইসেন্স না থাকায় দুই ব্যবসায়ীর বিরুদ্ধে দুটি মামলা করা হয়। স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯-এর ১০৯ ধারায় তাঁদের অর্থদণ্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান। তবে ওই দিনের জরিমানার পরিমাণ সংশ্লিষ্ট তথ্য বিবরণীতে উল্লেখ করা হয়নি।
অভিযানকালে সহকারী কমিশনার (ভূমি) সামছুজ্জামান বলেন, সরকারি রাস্তা ও ফুটপাত জনসাধারণের চলাচলের জন্য। এসব জায়গা দখল করে ব্যবসাপ্রতিষ্ঠানের মালামাল রাখা কিংবা সিএনজি অটোরিকশা রেখে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ব্যবসা পরিচালনার ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বৈধ ট্রেড লাইসেন্স থাকা বাধ্যতামূলক। ব্যবসায়ী ও বাজার কমিটির নেতাদের এ বিষয়ে সতর্ক করা হয়েছে। নির্দেশনা অমান্য করে পুনরায় রাস্তা ও ফুটপাত দখল করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, শাহরাস্তির বিভিন্ন বাজারে জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে ফুটপাত ও সরকারি রাস্তা দখলমুক্ত রাখার এ অভিযান অব্যাহত থাকবে। পর্যায়ক্রমে উপজেলার অন্যান্য বাজারেও অবৈধ দখল উচ্ছেদে অভিযান পরিচালনা করা হবে।
উভয় অভিযানে উপজেলা আনসার সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।

মোঃ মাসুদ রানা