প্রকাশের সময়: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬ । ৮:৪৪ পিএম প্রিন্ট এর তারিখঃ শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩

কচুয়ায় উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

ইসমাইল হোসেন বিপ্লব
চাঁদপুরের কচুয়া উপজেলায় কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের উদ্যোগে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) সকাল ১০টায় উপজেলার আটটি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা শুরু হয়। নার্সারি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত মোট ৩ হাজার ৪৬৬ জন শিক্ষার্থী এ পরীক্ষায় অংশগ্রহণ করে।
সকাল থেকেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি উপেক্ষা করে শিক্ষার্থীরা অভিভাবকদের সঙ্গে পরীক্ষাকেন্দ্রে উপস্থিত হয়। পরীক্ষা শুরুর আগে প্রতিটি কেন্দ্রে অভিভাবকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। দিনভর প্রতিটি কেন্দ্রে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পরীক্ষার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আলী আশরাফ খান, সহকারী শিক্ষা অফিসার জুলফিকার আলী,আখতার হোসেন, কচুয়া প্রেসক্লাবের সভাপতি আতাউল করিম, উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি আলমগীর চৌধুরী, সাধারণ সম্পাদক আমির হোসেন মজুমদার, শিক্ষা সচিব শাহজালাল প্রধান, ক্যাশিয়ার মাওলানা ফখরুদ্দিন,শহীদ উল্যাহ ও ওমর ফারুকসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।
আটটি কেন্দ্রের মধ্যে কচুয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে ৬৫৯ জন, রহিমানগর বিএবি উচ্চ বিদ্যালয়ে ৫৪২ জন, আশেক আলী খান উচ্চ বিদ্যালয়ে ৪২৫ জন, পালাখাল উচ্চ বিদ্যালয়ে ৩৩৮ জন, তেগুরিয়া ওবায়েদুল হক উচ্চ বিদ্যালয়ে ২৮৮ জন, মাঝিগাছা মাওলানা মবিন উচ্চ বিদ্যালয়ে ৩১৯ জন, সাচার উচ্চ বিদ্যালয়ে ৬০০ জন এবং রাগদৈল ইসলামিয়া আলিম মাদ্রাসায় ২৯৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়।
পরীক্ষা শেষে অভিভাবকরা সন্তোষ প্রকাশ করে জানান, বৃষ্টির আশঙ্কা থাকলেও সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা সম্পন্ন হয়েছে। সুষ্ঠুভাবে পরীক্ষা আয়োজন করায় আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান তাঁরা।
উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি আলমগীর চৌধুরী ও সাধারণ সম্পাদক আমির হোসেন মজুমদার জানান, ২০১১ সাল থেকে কচুয়ায় এ বৃত্তি পরীক্ষা আয়োজন করা হচ্ছে। ধারাবাহিকতার অংশ হিসেবে এবারও সফলভাবে পরীক্ষা সম্পন্ন হয়েছে।
পরীক্ষা আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট শিক্ষক, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, অভিভাবক ও সহযোগিতাকারী সবার প্রতি তাঁরা কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন