মাদকের ভয়াল থাবা থেকে যুবসমাজ ও আগামী প্রজন্মকে রক্ষা করতে সামাজিক সচেতনতা বৃদ্ধি, পারিবারিক নজরদারি জোরদার এবং মাদক নির্মূলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন চাঁদপুর পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক ও চাঁদপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী জিয়া প্রধানীয়া।
তিনি বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবনকেই ধ্বংস করে না, বরং একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। মাদকাসক্তির কারণে মানুষের মেধা, কর্মক্ষমতা ও নৈতিক মূল্যবোধ নষ্ট হয়। এর প্রভাবে বিপথগামী হচ্ছে তরুণ সমাজ, বিঘ্নিত হচ্ছে পারিবারিক শান্তি এবং বাধাগ্রস্ত হচ্ছে সামাজিক উন্নয়ন। তাই মাদক নির্মূলে শুধু আইন প্রয়োগ করলেই হবে না, পাশাপাশি সামাজিক সচেতনতা ও পারিবারিক নজরদারি আরও জোরদার করতে হবে।
তিনি আরও বলেন, মাদকের ভয়াবহতা থেকে সন্তানদের রক্ষা করতে অভিভাবকদের আরও সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সন্তানদের চলাফেরা, বন্ধু নির্বাচন ও দৈনন্দিন কর্মকাণ্ডের প্রতি অভিভাবকদের সজাগ দৃষ্টি রাখা জরুরি। কোনো শিক্ষার্থী বা তরুণের আচরণে অস্বাভাবিক পরিবর্তন দেখা দিলে তা গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় দিকনির্দেশনা ও সহযোগিতা দিতে হবে।
জিয়া প্রধানীয়া বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। তাই তাদের মাদকের ছোবল থেকে রক্ষা করা আমাদের সবার নৈতিক দায়িত্ব। তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজে সম্পৃক্ত করতে হবে। এতে তারা নিজেদের মেধা ও যোগ্যতা বিকাশের সুযোগ পাওয়ার পাশাপাশি সমাজের ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখতে পারবে।
তিনি বলেন, শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উদ্যোগে মাদক নির্মূল করা সম্ভব নয়। এ জন্য পরিবার, শিক্ষক, সমাজের সচেতন নাগরিক, জনপ্রতিনিধি ও প্রশাসনসহ সব শ্রেণি-পেশার মানুষকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে। মাদক ব্যবসা ও মাদকের বিস্তার রোধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি মাদকাসক্ত ব্যক্তিদের সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতেও প্রয়োজন সচেতনতা, সহমর্মিতা ও সহযোগিতা।
তিনি আরও বলেন, মাদক ব্যবসায়ী ও মাদকের বিস্তারের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। অভিভাবক, শিক্ষক ও জনপ্রতিনিধিদের নিজ নিজ অবস্থান থেকে কার্যকর ভূমিকা পালন করতে হবে। সম্মিলিত উদ্যোগের মাধ্যমে একটি মাদকমুক্ত, সুন্দর, নিরাপদ ও সুস্থ সমাজ গড়ে তোলা সম্ভব।
সবশেষে জিয়া প্রধানীয়া চাঁদপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডসহ পুরো এলাকায় মাদক নির্মূলে দল-মতনির্বিশেষে সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। পাশাপাশি আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর, নিরাপদ, সচেতন ও মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

সাইদ হোসেন অপু চৌধুরী