দেশব্যাপী সন্ত্রাসী কর্মকাণ্ড, অগ্নিসংযোগ, হত্যা ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে চাঁদপুরের ফরিদগঞ্জে বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো।
সোমবার (২৩ নভেম্বর ২০২৬) বিকেলে ফরিদগঞ্জ উপজেলা বিআরডিবি মাঠে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে দলীয় নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি শরীফ মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে এবং ফরিদগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মঞ্জিল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব এম এ হান্নান। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোতাহার হোসেন পাটওয়ারী। এ ছাড়াও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মজিবুর রহমান দুলাল এবং জেলা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি মুকুল পাটওয়ারী।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আলহাজ্ব এম এ হান্নান বলেন, দেশব্যাপী সন্ত্রাসী কর্মকাণ্ড, অগ্নিসংযোগ, হত্যা ও নৈরাজ্যকারীদের আর কোনো ছাড় দেওয়া হবে না। কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত পতিত আওয়ামী লীগ ও তাদের অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে হত্যা, অগ্নিসংযোগ, লুটপাট এবং সাধারণ মানুষের ওপর অন্যায়ভাবে হামলা চালিয়ে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে। জনগণকে সঙ্গে নিয়ে এদের সব ষড়যন্ত্র প্রতিহত করা হবে।
সমাবেশে অন্যান্য বক্তারা বলেন, স্বৈরাচারের যেকোনো অপতৎপরতা ও নাশকতার বিরুদ্ধে ফরিদগঞ্জ উপজেলা বিএনপি অতীতের যেকোনো সময়ের চেয়ে বেশি ঐক্যবদ্ধ। দীর্ঘদিন অনেক ধৈর্য ধরে সময় দেওয়া হয়েছে। কিন্তু সেই সুযোগকে দুর্বলতা ভেবে সাধারণ মানুষের ওপর আক্রমণ ও নৈরাজ্য চালানো হচ্ছে। এসব ধ্বংসাত্মক কর্মকাণ্ড অবিলম্বে বন্ধ করতে হবে, অন্যথায় রাজপথেই এর দাঁতভাঙা জবাব দেওয়া হবে।
প্রতিবাদ কর্মসূচিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ডা. আবুল কালাম আজাদ, নজরুল পাটওয়ারী, আবু জাফর খসরু মোল্লা, পৌর বিএনপির সাবেক সভাপতি আমানত গাজী, জেলা যুবদলের সদস্য আবদুল মতিন, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আমজাদ হোসেন শিপন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্টু, পৌর যুবদলের সভাপতি ইমান পাটওয়ারী, সাধারণ সম্পাদক আমিন মিজি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক ফারুক হোসেন, ছাত্রদলের সাবেক সভাপতি মেহেদী হাসান মঞ্জু ও সাধারণ সম্পাদক শাওন চৌধুরীসহ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।

এস এম ইকবাল