প্রকাশের সময়: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬ । ৮:৪৯ পিএম প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

টেবিলে ঘুমিয়ে পড়া শিশুর জন্য ইউএনওর উপহার দোলনা, প্রশংসায় ভাসছেন ইবনে আল জায়েদ

সাইফুল ইসলাম সিফাত

কর্মব্যস্ত অফিসে মায়ের সঙ্গে আসা ছোট্ট শিশুটি ক্লান্তিতে ঘুমিয়ে পড়েছিল টেবিলের ওপর। বিষয়টি নজরে আসতেই শিশুটির আরামের কথা চিন্তা করে তাৎক্ষণিকভাবে একটি দোলনার ব্যবস্থা করে উপহার দিলেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক মো. ইবনে আল জায়েদ হোসেন। তাঁর এমন ব্যতিক্রমী মানবিক উদ্যোগ প্রশংসা কুড়িয়েছে স্থানীয়দের।

মঙ্গলবার (২৪ নভেম্বর) হাজীগঞ্জ উপজেলা পরিষদ কার্যালয়ে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও অফিস সূত্রে জানা যায়, অফিস চলাকালে মায়ের সঙ্গে আসা এক নারী কর্মচারীর ছোট্ট শিশুটি ক্লান্ত হয়ে টেবিলের ওপর ঘুমিয়ে পড়ে। বিষয়টি ইউএনও মো. ইবনে আল জায়েদ হোসেনের নজরে এলে তিনি শিশুটির কষ্ট ও অস্বস্তির বিষয়টি উপলব্ধি করেন। পরে শিশুটির আরামদায়ক ঘুমের কথা বিবেচনা করে দ্রুত একটি দোলনার ব্যবস্থা করেন এবং সেটি শিশুটিকে উপহার দেন।

এ সময় উপস্থিত ছিলেন হাজীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ওমর সানি, পৌর নির্বাহী কর্মকর্তা মোস্তাক আহমেদ, সমাজ উন্নয়ন কর্মকর্তা আনোয়ার হোসেন, বাজার পরিদর্শক সাফিউল বাসার রুজমনসহ উপজেলা ও পৌরসভার অন্যান্য কর্মকর্তা-কর্মচারী।

সংশ্লিষ্টরা মনে করছেন, দাপ্তরিক দায়িত্ব পালনের পাশাপাশি সহকর্মীদের পারিবারিক ও মানবিক প্রয়োজনের প্রতি এমন আন্তরিকতা কর্মক্ষেত্রে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

উল্লেখ্য, এর আগেও সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ, দ্রুত নাগরিক সমস্যার সমাধানে উদ্যোগ এবং নিজের অফিসকক্ষের দরজায় ‘বিনা অনুমতিতে প্রবেশ করুন’ বার্তা দিয়ে জনবান্ধব আচরণের কারণে আলোচনায় এসেছেন ইউএনও মো. ইবনে আল জায়েদ হোসেন।

একটি ছোট্ট শিশুর স্বস্তির কথা ভেবে তাঁর এই উদ্যোগ আবারও মনে করিয়ে দিয়েছে মানবিকতা প্রকাশ পায় ছোট ছোট কাজের মধ্য দিয়েও। এমন জনবান্ধব ও মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে, এমন প্রত্যাশা স্থানীয়দের।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন