প্রকাশের সময়: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬ । ৫:১৩ পিএম প্রিন্ট এর তারিখঃ বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩

একই আগুনে দুই সন্তানের মৃত্যু, নিঃস্ব হয়ে গেল হাজীগঞ্জের নাজিরের পরিবার

মেহেদি হাসান রিমেল

চাঁদপুরের হাজীগঞ্জে নিজ বসতঘরে লাগা ভয়াবহ আগুনে দগ্ধ হয়ে দেড় বছর বয়সী ছোট ভাই আনাছের মৃত্যুর তিন দিন পর মারা গেল বড় বোন মরিয়মও (৩)।

আগের সংবাদটি পড়ুন…

হাজীগঞ্জের বড়কুলে বসতঘরে আ’গু’নে ঘুমন্ত অবস্থায় প্রা’ণ গেল ২ বছরের আনাছের, দ’গ্ধ বোন

বুধবার (২৫ নভেম্বর) রাত ১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে রোববার (২২ নভেম্বর) আগুনে পুড়ে মারা যায় দেড় বছর বয়সী শিশু আনাছ। একই ঘটনায় দুই ভাই-বোনের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পুরো এলাকায়।

ঘটনাটি চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার বড়কুল পূর্ব ইউনিয়নের উত্তর বড়কুল গ্রামের আতিক মেম্বারের বাড়ির। নিহত দুই শিশু ওই বাড়ির নাজির আহমেদের সন্তান।

মরিয়মের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় আতিক মেম্বার। তিনি জানান, আগুনে পরিবারের বসতঘর পুড়ে যাওয়ার পাশাপাশি তাদের দুটি সন্তানকেও হারাতে হয়েছে। বর্তমানে তারা হাসপাতালে রয়েছেন। প্রয়োজনীয় ছাড়পত্র পাওয়ার পর মরিয়মের মরদেহ নিয়ে গ্রামের বাড়ির উদ্দেশে রওনা দেবেন।

স্থানীয়রা জানান, গত রোববার দুপুরে দুই শিশুকে ঘুম পাড়িয়ে সংসারের কাজে ঘরের বাইরে যান তাদের মা। বাবা যান অটোরিকশা চালাতে। এ সময় হঠাৎ বসতঘরে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে পাশাপাশি থাকা দুটি বসতঘরে আগুন ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেও ব্যর্থ হন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

তবে ততক্ষণে ঘরের ভেতরেই পুড়ে মারা যায় দেড় বছর বয়সী শিশু আনাছ। আর তার বড় বোন মরিয়মের শরীরের প্রায় ৯০ শতাংশ পুড়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করে শিশুটি।

মর্মান্তিক এ ঘটনার খবর পেয়ে ওই সময় ঘটনাস্থল পরিদর্শন করেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবনে আল জায়েদ হোসেন, হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ কাওসার হোসেন ভূঁইয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশেকুর রহমানসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও স্থানীয় ব্যক্তিরা।

হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. খলিলুর রহমান ঘটনার পর জানিয়েছিলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট অথবা গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন