প্রকাশের সময়: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬ । ৮:৩১ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩

সৌদি প্রবাসীর ২০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, মামলায় কারাগারে সার্ভেয়ার মানিক

অনলাইন ডেস্ক

দীর্ঘ ২৫ বছর সৌদি আরবে দর্জির কাজ করে তিল তিল করে গড়ে তোলা সঞ্চয় ছিল ২০ লাখ টাকা। দেশে ফিরে সেই অর্থ দিয়ে জমি কিনে পরিবারের ভবিষ্যৎ নিরাপদ করার স্বপ্ন দেখেছিলেন চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার রহমত উল্ল্যাহ। কিন্তু জমি কেনার প্রস্তাবে বিশ্বাস করে সেই সঞ্চয় তুলে দেওয়ার পর এখন দিশেহারা তিনি। জমির ভুয়া মালিক সাজিয়ে জাল দলিলের মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক ভূমি সার্ভেয়ারের বিরুদ্ধে।

এ ঘটনায় দায়ের করা মামলায় অভিযুক্ত সার্ভেয়ার ইসমাইল হোসেন মানিককে কারাগারে পাঠিয়েছেন আদালত।

ভুক্তভোগী রহমত উল্ল্যাহ মতলব দক্ষিণ উপজেলার খিদিরপুর গ্রামের মৃত আইয়ুব আলীর ছেলে। অভিযুক্ত ইসমাইল হোসেন মানিক একই উপজেলার নারায়ণপুর পৌরসভার খিদিরপুর গ্রামের মৃত এলাহী বকস মিয়াজীর ছেলে। তিনি পেশায় স্থানীয় ভূমি সার্ভেয়ার।

ভুক্তভোগী সূত্রে জানা যায়, সৌদি আরবে দীর্ঘদিন দর্জির কাজ করে পরিবারের খরচ মেটানোর পাশাপাশি ধাপে ধাপে ২০ লাখ টাকা সঞ্চয় করেন রহমত উল্ল্যাহ। দেশে ফেরার আগে জমি কেনার বিষয়ে তার ইমু নম্বরে যোগাযোগ করেন সার্ভেয়ার ইসমাইল হোসেন মানিক।

তিনি নারায়ণপুর বাজারে ভালো মানের একটি জমি বিক্রির প্রস্তাব দেন। পাশাপাশি লেনদেনে কোনো ধরনের অনিয়ম হলে দ্বিগুণ জরিমানা দেওয়ার আশ্বাস দিয়ে একাধিক ভয়েস রেকর্ড পাঠান।

তার কথায় বিশ্বাস করে দেশে থাকা চাচাতো ভাই জাকির হোসেনকে জমি কেনার বিষয়ে প্রতিনিধি হিসেবে দায়িত্ব দেন রহমত উল্ল্যাহ। অভিযোগ রয়েছে, সার্ভেয়ার মানিক ‘মেহেদী হাসান’ নামে এক ব্যক্তিকে জমির মালিক সাজিয়ে নারায়ণপুর বাজারে দোকানঘরসহ এক শতাংশ জমি বিক্রির নামে ভুয়া কাগজপত্র ও দলিল তৈরি করে ২০ লাখ টাকা গ্রহণ করেন।

পরবর্তীতে জমির কাগজপত্র যাচাই করতে গিয়ে রহমত উল্ল্যাহ জানতে পারেন, সংশ্লিষ্ট খতিয়ান ও দাগে মেহেদী হাসান নামে কোনো প্রকৃত মালিকের অস্তিত্ব নেই। এছাড়া ওই জমি নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

বিষয়টি বুঝতে পেরে দেশে ফিরে আসেন রহমত উল্ল্যাহ। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে অভিযুক্ত মানিকের কাছে টাকা ফেরত চান তিনি। ভুক্তভোগীর দাবি, ওই সময় মানিক নিজের ভুল স্বীকার করেন। পরে ২০২৫ সালের ৪ অক্টোবর তিনজন সাক্ষীর উপস্থিতিতে ৩০০ টাকার নন-জুডিসিয়াল স্ট্যাম্পে একটি চুক্তি সম্পাদন করা হয়। সেখানে ২০ লাখ টাকার মধ্যে নগদ ১ লাখ টাকা ফেরত দিয়ে বাকি টাকা পরিশোধের জন্য সময় নেন মানিক।

তবে নির্ধারিত সময় পার হলেও বাকি টাকা ফেরত দেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী। উল্টো রহমত উল্ল্যাহর বিরুদ্ধে চাঁদপুর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে স্ট্যাম্প উদ্ধারের মামলা দায়ের করেন অভিযুক্ত মানিক। এতে আর্থিক ক্ষতির পাশাপাশি আইনি হয়রানির শিকার হচ্ছেন বলে দাবি করেন প্রবাসী রহমত উল্ল্যাহ।

এ ঘটনায় ভুক্তভোগী রহমত উল্ল্যাহ চাঁদপুর আমলি আদালতে সিআর ৫৬৫/২৫ নম্বরে মামলা দায়ের করেন। ওই মামলায় গত ২৫ নভেম্বর ২০২৬ তারিখে চাঁদপুর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে অভিযুক্ত ইসমাইল হোসেন মানিককে সি.ডব্লিউ. মূলে কারাগারে পাঠানো হয়। বর্তমানে তিনি চাঁদপুর জেলা কারাগারে রয়েছেন বলে জানা গেছে।

এ বিষয়ে স্থানীয় সালিসদার আবু বক্কর বলেন, সবার উপস্থিতিতে বিষয়টি নিয়ে সালিস হয়েছিল। তখন অভিযুক্ত ব্যক্তি ভুল স্বীকার করে স্ট্যাম্পে লিখিতভাবে টাকা ফেরত দেওয়ার অঙ্গীকার করেন এবং নগদ ১ লাখ টাকা দেন। বাকি টাকা পরিশোধের জন্য সময় নিলেও পরে তা পরিশোধ করেননি। উল্টো মামলা করার বিষয়টি দুঃখজনক।

ভুক্তভোগী রহমত উল্ল্যাহ বলেন, “সৌদি আরবে হাড়ভাঙা পরিশ্রম করে দর্জির কাজের মাধ্যমে ২৫ বছরে যে ২০ লাখ টাকা জমিয়েছি, তা এক নিমিষেই শেষ হয়ে গেল। দ্বিগুণ জরিমানা দেওয়ার আশ্বাস দিয়ে আমাকে ফাঁদে ফেলে টাকা নিয়েছে। এখন নিজের টাকা ফেরত চাইতে গিয়ে উল্টো মামলার হয়রানির শিকার হচ্ছি। আমি প্রশাসনের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার চাই।”

অভিযোগের বিষয়ে জানতে চাইলে সার্ভেয়ার ইসমাইল হোসেন মানিক তার বিরুদ্ধে আনা প্রতারণা ও জাল দলিলের অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, বিষয়টি আইনগতভাবে আদালতে বিচারাধীন রয়েছে। এ বিষয়ে তিনি আদালতেই জবাব দেবেন।

এ ঘটনায় দীর্ঘদিনের কষ্টার্জিত সঞ্চয় হারিয়ে দিশেহারা প্রবাসী রহমত উল্ল্যাহ নিজের অর্থ ফেরত পেতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা ও ন্যায়বিচার কামনা করেছেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন